শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

রিজভী • ডেঙ্গু মোকাবিলায় সরকার ও দলের পক্ষ থেকে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে

বাংলার চোখ নিউজ : 

শনিবার (২৪ অক্টোবর) সকালে রাজধানীর ফকিরাপুলে ডেঙ্গু সচেতনতায় লিফলেট বিতরণ কর্মসূচিতে অংশ নেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

ডেঙ্গু মোকাবিলায় সরকার ও বিএনপির পক্ষ থেকে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। প্রধানমন্ত্রী তারেক রহমান ডেঙ্গুসহ জনদুর্ভোগ মোকাবিলায় দলীয় নেতাকর্মীদের প্রয়োজনীয় নির্দেশনা দিচ্ছেন বলেও জানান তিনি। শনিবার (২৪ অক্টোবর) সকালে রাজধানীর ফকিরাপুলে ডেঙ্গু সচেতনতায় লিফলেট বিতরণ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। রুহুল কবির রিজভী বলেন, দেশের বিভিন্ন এলাকায় ডেঙ্গুর প্রাদুর্ভাব মহামারির আকার ধারণ করেছে। বিশেষ করে খুলনা ও চট্টগ্রাম বিভাগে ব্যাপকভাবে মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছেন। এ পরিস্থিতিতে সাধারণ মানুষকে সচেতন করতে বিএনপি ও দলের চিকিৎসক নেতারা কাজ করছেন।

তিনি বলেন, ‘বিভিন্ন সময়ে মহামারি মোকাবিলায় দেশের সচেতন মানুষকে সঙ্গে নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং দলের চিকিৎসক ও রাজনীতিতে সক্রিয় ব্যক্তিরা সচেতনতামূলক কাজ করেছেন। বিশেষ করে করোনার সময় এবং হামের ক্ষেত্রেও আমরা এ ধরনের কাজ করেছি। এখনো আমরা কাজ করছি, যাতে সাধারণ মানুষ সতর্ক হতে পারেন এবং আগেই প্রতিরোধের ব্যবস্থা নিতে পারেন।’

রিজভী বলেন, তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার ডেঙ্গু মোকাবিলায় অত্যন্ত সচেতন। এ মহামারি মোকাবিলায় সরকারের পক্ষ থেকে দ্রুত বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। সরকারি হাসপাতালগুলোতে বিনা মূল্যে ডেঙ্গু পরীক্ষা করানো হচ্ছে। পাশাপাশি ময়লা-আবর্জনা পরিষ্কার, পানি জমে থাকা স্থান, নালা ও নর্দমা পরিচ্ছন্ন রাখতে সিটি করপোরেশনগুলোকে সক্রিয় রাখা হয়েছে। তিনি বলেন, সিটি করপোরেশনগুলো বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করছে। শুধু সরকারি উদ্যোগেই নয়, দলীয়ভাবেও পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নিতে নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে। রিজভী আরও বলেন, ঢাকা মহানগরসহ সারা দেশে ডেঙ্গু সম্পর্কে মানুষকে সচেতন করা হচ্ছে। ডেঙ্গু প্রতিরোধে নালা, নর্দমা, ড্রেন, খাল ও ফুটপাতের আশপাশের যেসব স্থানে এডিস মশার জন্ম হতে পারে, সেসব জায়গায় ওষুধ ছিটানো হচ্ছে এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো হচ্ছে। বিএনপির পক্ষ থেকে প্রচারপত্রও বিতরণ করা হচ্ছে।

রিজভী বলেন, ‘মিথ্যাচার করে কারও ভাবমূর্তি নষ্ট করতে পারবেন না, সত্যকে আড়াল করতে পারবেন না।’তিনি আরও বলেন, ক্ষুধা মোকাবিলায় বিশ্ব খাদ্যসূচকে ভারত ও পাকিস্তানের চেয়ে বাংলাদেশ এগিয়ে রয়েছে। এটি তারেক রহমান ও বিএনপির নেতৃত্বাধীন সরকারের অবদান বলে মন্তব্য করেন তিনি।রিজভীর অভিযোগ, মিথ্যাচার, অপপ্রচার এবং অগণতান্ত্রিক শক্তির সঙ্গে আঁতাত করে দেশের মধ্যে অরাজক পরিস্থিতি তৈরির চেষ্টা করা হচ্ছে। তবে জনগণ এসব মেনে নেবে না। জনগণ সতর্ক ও সচেতন রয়েছে বলে মন্তব্য করেন তিনি।

শেয়ার করুন