অন্যের ছয় বছরের মেয়েকে চুমু দেওয়া বা চুমু দিতে চাওয়াকে স্বাভাবিকভাবে দেখছেন না জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ধর্ম সম্পাদক মাওলানা সানাউল্লাহ খান। তবে বডিবিল্ডার বাবার আচরণ নিয়ে আপত্তি থাকলেও একজন বাবা হিসেবে তার পরিস্থিতি বিবেচনা করার আহ্বান জানিয়েছেন তিনি।
শনিবার (২৩ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এসব কথা লেখেন এনসিপির ধর্ম সম্পাদক সানাউল্লাহ খান। পোস্টে তিনি লেখেন, ‘বুঝলাম, আপনি একজন শিক্ষক। শিক্ষক হিসেবে শিক্ষার্থীর প্রতি স্নেহ-ভালোবাসা থাকতেই পারে। ভালোবাসা প্রকাশ করতে চুমু দিতে হবে কেন? তাকে উৎসাহিত করতে উপহার দিতে পারেন, ভালো কিছু খাওয়াতে পারেন সর্বোচ্চ।
তিনি লেখেন, ‘অন্যের ছয় বছরের মেয়েকে চুমু দেওয়া বা চুমু দিতে চাওয়াকে আমি কোনোভাবেই স্বাভাবিক দেখতে পারছি না। শরিয়তের দৃষ্টিতেও এর কঠোর বিধিনিষেধ রয়েছে।’ তিনি আরও লেখেন, ‘বডিবিল্ডার বাবার চরিত্র, আচরণ বা যে কোনো কিছু নিয়ে আপনার আপত্তি থাকতে পারে, তবে তাকে একজন বাবা হিসেবে বিবেচনা করুন। বাবা হিসেবে তিনি যথেষ্ট ধৈর্য ও জ্ঞানের পরিচয় দিয়েছেন।’
সানাউল্লাহ খান লেখেন, ‘প্রথমে তিনি মাদরাসার অন্য শিক্ষকের কাছে বিষয়টি জানিয়েছেন এবং বিচার চেয়েছেন। বিচার না পেয়ে নিজেই সেখানে গিয়ে পুরো বিষয়টি ক্যামেরায় ধারণ করিয়েছেন।’
‘তিনি যা করেছেন, তা প্রকাশ্যেই করেছেন। তবে তার মারধর করাটা অতিরঞ্জন ছিলো। আইন অনুযায়ী এর বিচার হওয়া উচিৎ। ’তিনি আরও লেখেন, ‘তবে একজন বাবা হিসেবে আমার সন্তানের ক্ষেত্রে এমন হলে আমার এতটুকু ধৈর্য নেই। আর আমি ধৈর্য ধরতে চাইও না। এর থেকেও হিংস্র হতে চাই।’
এমআরএম




