দৈনিক বাংলার চোখ :
ইসলামি বক্তা হাফেজ কারি জুবায়ের আহমাদ তাশরীফের বিরুদ্ধে অসুস্থ বাবার ভরণপোষণ না দেওয়া ও খোঁজখবর না রাখার অভিযোগ ওঠার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এ পরিস্থিতিতে ‘মিডিয়া চাইলে বাপকেও কিনতে পারে’ বলে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন তাশরীফ।
সোমবার (২৬ অক্টোবর) নিজের ফেসবুক স্ট্যাটাসে এ কথা লেখেন তিনি।
এর আগে সোমবার (২৬ অক্টোবর) রাতে একটি জাতীয় দৈনিকে প্রকাশিত ভিডিও সাক্ষাৎকারে ছেলে জুবায়ের আহমাদ তাশরীফের বিরুদ্ধে নানা অভিযোগ করেন তার বাবা মাওলানা মো. হেদায়েতুল্লাহ।কান্নাজড়িত কণ্ঠে হেদায়েতুল্লাহ দাবি করেন, অসুস্থ অবস্থায় ছেলের কাছে আর্থিক সহযোগিতা চেয়েও পাননি তিনি। এমনকি ছেলে তার খোঁজখবরও রাখেন না।
তিনি আরও অভিযোগ করেন, ছেলের পরামর্শে মসজিদের ইমামতির চাকরি ছেড়ে দিয়েছিলেন। বিনিময়ে প্রতি মাসে ১০ হাজার টাকা দেওয়ার কথা থাকলেও পরে আর কোনো টাকা পাননি।
সাক্ষাৎকারে নিজের ছেলেকে পড়াশোনা করানো ও শৈশবে তার চিকিৎসার জন্য আর্থিক কষ্টের কথা তুলে ধরেন হেদায়েতুল্লাহ। তিনি বলেন, ছেলের প্রস্রাব বন্ধ হয়ে যাওয়ার পর মানুষের কাছ থেকে টাকা চেয়ে ঢাকাসহ বিভিন্ন স্থানের হাসপাতালে চিকিৎসা করিয়েছিলেন। অনেক কষ্টের পর ছেলে সুস্থ হয়।
নিজের অসুস্থতার সময় ছেলের কাছে টাকা চেয়েও না পাওয়ার অভিযোগ করে তিনি বলেন, ছেলে জমি কেনার কথা বলে তাকে টাকা দিতে পারেননি।
সম্প্রতি টঙ্গীর একটি মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে এক ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগের ঘটনায় ওই শিক্ষকের পক্ষে বক্তব্য দেওয়ার পরও সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার মুখে পড়েন জুবায়ের আহমাদ তাশরীফ।





