বাংলার চোখ নিউজ :
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভূতত্ত্ব বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. মাহমুদ আলম মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। বার্ধক্যজনিত কারণে শুক্রবার (২৩ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় ঢাকায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য শিক্ষার্থী, আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।
শনিবার (২৪ অক্টোবর) এক বিবৃতিতে তার মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর। উপাচার্য মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
শোকবার্তায় ঢাবি উপাচার্য বলেন, অধ্যাপক ড. মাহমুদ আলম অত্যন্ত নিষ্ঠা ও সুনামের সঙ্গে দীর্ঘদিন ভূতত্ত্ব বিভাগে শিক্ষকতা ও গবেষণা কার্যক্রম পরিচালনা করেছেন। একজন প্রজ্ঞাবান শিক্ষক ও গবেষক হিসেবে বিভাগের সার্বিক উন্নয়নে তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। ভূতত্ত্ব চর্চা ও গবেষণায় অসাধারণ অবদানের জন্য তিনি স্মরণীয় হয়ে থাকবেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর জানায়, অধ্যাপক ড. মাহমুদ আলমের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য তার মরদেহ আগামীকাল রোববার (২৫ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগ প্রাঙ্গণে আনা হবে। সেখানে তার জানাজা অনুষ্ঠিত হবে। এদিকে, ভূতত্ত্ব বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. মাহমুদ আলমের মৃত্যুতে পৃথকভাবে শোক প্রকাশ করেছেন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. বদরুদ্দোজা মিয়া।




