বাংলার চোখ নিউজ :
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সঙ্গে বাদানুবাদের ঘটনায় কোনো মামলা হলে প্রধান আসামি হিসেবে নিজের নাম অন্তর্ভুক্ত করতে বলেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) আসনের এমপি ব্যারিস্টার রুমিন ফারহানা।
রুমিন ফারহানার বরাত দিয়ে তার ব্যক্তিগত সহকারী জাকির হোসেন শুভ এই তথ্য জানান। তিনি বলেন, রুমিন ফারহানা বলেছেন সরাইল থানার ঘটনাকে কেন্দ্র করে কোনো মামলা হলে তাকে এক নম্বর আসামি করতে হবে।এছাড়া সরাইল থানার ওসি মনজুর কাদের ভূঁইয়ার বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে রুমিন ফারহানা লিখিত অভিযোগ দিয়েছেন। লিখিত অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মু. জালাল উদ্দিন ফাহিম। এর আগে, ওসির সঙ্গে রুমিন ফারহানার বাদানুবাদের ঘটনায় শুক্রবার রাতে সাধারণ ডায়েরি (জিডি) করেছে পুলিশ। শনিবার (২৪ অক্টোবর) দুপুরে জিডির বিষয়টি গণমাধ্যমে সামনে আসে। এরপরই বিকেলে রুমিন ফারহানার পক্ষে তার ব্যক্তিগত সহকারী জাকির হোসেন শুভ ওসির বিরুদ্ধে পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ দেওয়ার বিষয়টি জানান।
রুমিন ফারহানার ব্যক্তিগত সহকারী জাকির হোসেন শুভ বলেন, ওসির বিরুদ্ধে দুর্নীতি, মাটি কাটার সঙ্গে সংশ্লিষ্টদের কাছ থেকে অর্থ নেওয়া এবং ইটভাটা থেকে টাকা নেওয়ার অভিযোগ রয়েছে। এছাড়া তিনি নিরপরাধ মানুষকে মামলা দিয়ে হয়রানি করছেন। বিশেষ করে যারা আগামী ইউপি নির্বাচনে অংশ নেবেন, তাদের তিনি টার্গেট করেছেন।
তিনি আরও বলেন, গত ২৩ অক্টোবর ওসি মনজুর কাদের ভূঁইয়ার বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপারের কাছে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। প্রশাসনের প্রতি সম্মান রেখে তারা অভিযোগের পরিপ্রেক্ষিতে কি ধরনের বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়, তা দেখার জন্য অপেক্ষা করছেন। যথাযথ ব্যবস্থা না নেওয়া হলে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলে তিনি উল্লেখ করেন।




