শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

মানিকগঞ্জ মহাসড়কে তিন চাকার যান চলাচল বন্ধ

বাংলার চোখ নিউজ :

মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনা প্রতিরোধ ও নিরাপদ সড়ক নিশ্চিত করতে কঠোর অবস্থান নিয়েছে প্রশাসন। এর অংশ হিসেবে মহাসড়ক ও আঞ্চলিক মহাসড়কে তিন চাকার যান চলাচল বন্ধ, রুট পারমিট ছাড়া গাড়ি চলাচল নিষিদ্ধ এবং লাইসেন্সবিহীন চালকদের হাতে গাড়ি না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে চালকের আসনে হেলপারদের বসা বন্ধ এবং সড়কের ত্রুটি দূর করতে সংশ্লিষ্ট দপ্তরকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

শনিবার (২৪ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে নিরাপদ সড়ক নিশ্চিতকরণ, সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা ও দুর্ঘটনা প্রতিরোধে করণীয় শীর্ষক এক মতবিনিময় সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। জেলা প্রশাসনের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা।

সভায় বক্তব্য দেন পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. খায়রুল ইসলাম, শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিষা রাণী কর্মকার, সড়ক ও জনপথ বিভাগের মানিকগঞ্জের নির্বাহী প্রকৌশলী মো. আহসান হাবীব, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ঢাকা কার্যালয়ের উপপরিচালক প্রকৌশলী মোবারক হোসেন, জেলা কৃষকদলের সভাপতি গোলাম কিবরিয়া সাইদ, জেলা পরিবহন মালিক সমিতির সভাপতি আব্দুর রাজ্জাক লিটন এবং সচেতন নাগরিক সমাজের প্রতিনিধি খন্দকার তুহিন। এ ছাড়া বিভিন্ন বাস মালিক ও শ্রমিক সমিতি, হাইওয়ে পুলিশ এবং ট্রাফিক পুলিশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা, দুর্ঘটনা কমানো এবং নিরাপদ সড়ক নিশ্চিত করতে সংশ্লিষ্ট দপ্তর ও পরিবহন খাতের প্রতিনিধিদের করণীয় নিয়ে আলোচনা হয়। এ সময় মহাসড়ক ও আঞ্চলিক মহাসড়কে তিন চাকার যান চলাচল বন্ধ, রুট পারমিট ছাড়া কোনো গাড়ি চলাচল করতে না দেওয়া এবং লাইসেন্সবিহীন চালকদের গাড়ি চালানোর সুযোগ বন্ধ করার বিষয়ে সিদ্ধান্ত হয়। পাশাপাশি হেলপারদের দিয়ে গাড়ি চালানো বন্ধ নিশ্চিত করা এবং সড়কের ত্রুটি চিহ্নিত করে তা নিরসনে সড়ক ও জনপথ বিভাগকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা বলেন, সড়ক দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের মধ্যে সচেতনতা বাড়ানো এবং ট্রাফিক আইন মেনে চলা জরুরি। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বিত উদ্যোগের পাশাপাশি সড়ক ব্যবহারকারী ও পরিবহনসংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

এর আগে ২২ অক্টোবর সকালে মানিকগঞ্জের শিবালয় উপজেলার ঢাকা-আরিচা মহাসড়কের বরংগাইল বাসস্ট্যান্ড এলাকায় সেলফি পরিবহনের একটি বাসের সঙ্গে ব্যাটারিচালিত অটোবাইকের সংঘর্ষে দুই যাত্রী নিহত হন। এ ঘটনায় অটোবাইকের চালক গুরুতর আহত হন। দুর্ঘটনার পর সেলফি পরিবহনের চলাচল বন্ধের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন স্থানীয়রা। পরে সেলফি পরিবহনের চলাচলে সাময়িক নিষেধাজ্ঞা জারি করে জেলা প্রশাসন।

শেয়ার করুন