বাংলার চোখ নিউজ :
চট্টগ্রামের কর্ণফুলী চ্যানেল দিয়ে মিয়ানমারে পাচারের সময় ৭০ হাজার কেজি (৭০ টন) সিমেন্টসহ পাঁচজনকে আটক করেছে কোস্টগার্ড। এ সময় পাচারকাজে ব্যবহৃত একটি কার্গো বোটও জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ৭টার দিকে নগরের পতেঙ্গা থানাধীন কর্ণফুলী চ্যানেলের ১৮ নম্বর ঘাট সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে এসব সিমেন্ট জব্দ করা হয়। জব্দ করা সিমেন্টের আনুমানিক বাজারমূল্য ৯ লাখ ৮০ হাজার টাকা। মঙ্গলবার দুপুরে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এসব তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড আউটপোস্ট পতেঙ্গা একটি বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহজনক একটি কার্গো বোটে তল্লাশি চালিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া ৭০ হাজার কেজি সিমেন্ট উদ্ধার করা হয়। একই সঙ্গে পাঁচজন পাচারকারীকে আটক এবং বোটটি জব্দ করা হয়।
আটক ব্যক্তিদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানানো হয়নি। কোস্টগার্ডের এ কর্মকর্তা আরও বলেন, জব্দ করা সিমেন্ট, পাচারকাজে ব্যবহৃত বোট ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন। চোরাচালান রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।




