দৈনিক বাংলার চোখ :
রাজধানীর মোহাম্মদপুরে ট্রাকচালক মো. হোসেন হত্যা মামলায় অভিযোগ গঠনের শুনানিতে আদালতকে সাবেক তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, ‘অবশ্যই নির্দোষ এবং আমরা নিরপরাধ, আমাদের অভিযোগ প্রত্যাহার চাই’।
সোমবার (২৬ অক্টোবর) ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক রবিউল আলমের আদালতে মামলাটির অভিযোগ গঠনের শুনানি হয়। শুনানি শেষে শেখ হাসিনাসহ ৩৪ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ২৫ নভেম্বর দিন ধার্য করা হয়েছে।
এদিন কারাগারে থাকা পলক, সাবেক সংসদ সদস্য সাদেক খানসহ নয়জনকে আদালতে হাজির করা হয়। জামিনে থাকা দুই আসামিও আদালতে উপস্থিত ছিলেন। তবে আসামি বদিউল আলম হাজির না হওয়ায় তার জামিন বাতিল করে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২২ আসামি পলাতক থাকায় আদালতে উপস্থিত ছিলেন না।
শুনানিতে ১১ আসামির পক্ষে আইনজীবীরা অব্যাহতির আবেদন করেন। তাদের যুক্তি ছিল, আসামিদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ নেই। ন্যায়বিচারের স্বার্থে তাদের মামলা থেকে অব্যাহতি দেওয়া উচিত। তবে রাষ্ট্রপক্ষের আইনজীবী আনিসুর রহমান অভিযোগ গঠনের পক্ষে যুক্তি দেন। উভয়পক্ষের বক্তব্য শোনার পর আদালত অব্যাহতির আবেদন নাকচ করেন। মামলার ৩৪ আসামির মধ্যে রয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, পলক, সাবেক সংসদ সদস্য সাদেক খান এবং নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানসহ অন্যরা।
মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় মোহাম্মদপুরে গুলিবিদ্ধ হয়ে মারা যান মালবাহী ট্রাকচালক মো. হোসেন। ওই ঘটনায় সাজ্জাদ ও শাহিন নামে আরও দুই ব্যক্তি আহত হন।
হোসেনের মা রীনা বেগম ২০২৪ সালের ৩১ আগস্ট শেখ হাসিনাসহ ১৬ জনকে আসামি করে মোহাম্মদপুর থানায় হত্যা মামলা করেন। পরে তদন্ত শেষে ২০২৫ সালের ২৩ নভেম্বর মামলার তদন্ত কর্মকর্তা ও মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক মো. আকরামুজ্জামান ৩৪ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন।




