বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

শেখ হাসিনার প্রত্যাবর্তন ঠেকাতে সরকারের রোডম্যাপ চায় ইসলামী আন্দোলন

বাংলার চোখ নিউজ :

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে প্রত্যাবর্তন ঠেকাতে সরকারের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা না করায় জাতি শঙ্কিত বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ও দলের সহকারী মহাসচিব শেখ ফজলুল করীম মারুফ।

তিনি বলেছেন, আওয়ামী লীগের প্রত্যাবর্তন মানে জুলাই যোদ্ধাদের জীবন অনিশ্চিত হয়ে পড়া। জুলাই সনদ বাস্তবায়ন না করার ফলেই আওয়ামী লীগের এ ধরনের আস্ফালন দেখতে হচ্ছে।

বুধবার (২৫ নভেম্বর) ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের নিয়মিত সাপ্তাহিক সভায় তিনি এসব কথা বলেন।

শেখ ফজলুল করীম মারুফ বলেন, ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনার ফ্যাসিবাদী সরকারের পতন ঘটে। এরপর শেখ হাসিনা পালিয়ে দিল্লিতে আশ্রয় নেন। দুই বছর পার হওয়ার পর তিনি নতুন করে দেশে ফেরার স্বপ্ন দেখছেন। ফ্যাসিবাদী ব্যবস্থায় রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে তিনি এ দেশের জনগণকে মানুষ মনে করেননি। দেশ থেকে বিতাড়িত হওয়ার পরও তার মধ্যে কোনো অনুশোচনা দেখা যাচ্ছে না।

তিনি আরও বলেন, বর্তমান সরকার সহস্রাধিক মানুষের জীবনের বিনিময়ে প্রতিষ্ঠিত হয়েছে। শেখ হাসিনার পক্ষে ডিসেম্বরে দেশে প্রবেশের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তার পাসপোর্ট নবায়নের জন্য আবেদন এসেছে।

মারুফ বলেন, বুধবার রয়টার্সের খবরে বলা হয় আগামী ১৬ ডিসেম্বর তিনি দেশে ফিরবেন এবং এজন্য বাংলাদেশ থেকে বিমান চেয়েছেন। সার্বিক পরিস্থিতি দেখে মনে হচ্ছে সরকার এসব বিষয়ে যথাযথভাবে ওয়াকিবহাল নয়। শেখ হাসিনার প্রত্যাবর্তন ঠেকাতে সরকারের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা না করায় জাতি শঙ্কিত।

তিনি আরও বলেন, সরকারকে মনে রাখতে হবে, আওয়ামী লীগের প্রত্যাবর্তন হলে জুলাই যোদ্ধাদের জীবন হুমকির মুখে পড়বে।

সভায় আরও উপস্থিত ছিলেন নগর সহ-সভাপতি আলহাজ্ব আনোয়ার হোসেন ও আলহাজ্ব আবদুল আউয়াল মজুমদার, জয়েন্ট সেক্রেটারি ফজলুল হক মৃধা, সাংগঠনিক সম্পাদক মাওলানা নজরুল ইসলাম, মাওলানা নজরুল ইসলাম খোকন, মাওলানা কামাল হোসাইন, বেলাল হোসেন আরিফ, টিএম মাহফুজ ও মুফতী ওমর ফারুক, প্রচার সম্পাদক প্রভাষক শফিকুল ইসলাম, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আবদুর রাজ্জাক আকন এবং দাওয়াহ সম্পাদক আল-আমীন আল ইহসান প্রমুখ।

শেয়ার করুন