বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

বাংলাদেশি হিন্দুদের পুনর্বাসনে জমি-বাড়ি দেওয়ার উদ্যোগ পশ্চিমবঙ্গের

বাংলার চোখ নিউজ :

বাংলাদেশ থেকে ভারতে আসা হিন্দু শরণার্থীদের পুনর্বাসনে জমি ও পাকা বাড়ি দেওয়ার পরিকল্পনা ঘোষণা করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ সরকারের আদলে এ উদ্যোগ বাস্তবায়নে আগামী রাজ্য বাজেটে নতুন প্রকল্প চালুর কথা জানিয়েছেন তিনি। পাশাপাশি শরণার্থীদের নাগরিকত্ব, নাগরিকত্ব সংশোধন আইন (সিএএ) অনুযায়ী সনদ এবং সরকারি সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় আনার আশ্বাস দিয়েছেন।

মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, শরণার্থীদের জন্য জমি বরাদ্দের পাশাপাশি পাকা বাড়ি নির্মাণের ব্যবস্থাও করা হবে। এ লক্ষ্যে আগামী রাজ্য বাজেটে বিশেষ প্রকল্প অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে।

এদিকে বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিয়ে পশ্চিমবঙ্গের রাজনৈতিক অঙ্গনে আলোচনা ও প্রতিবাদ কর্মসূচি জোরালো হচ্ছে। মঙ্গলবার কলকাতা ও আশপাশের বিভিন্ন এলাকায় এ নিয়ে বিক্ষোভ অনুষ্ঠিত হয়। সল্টলেকের করুণাময়ীতে হিন্দু সনাতন ঐক্য মঞ্চের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতেও বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের মানুষের প্রতি সংহতি জানানো হয়। সেখানে বিক্ষোভকারীরা বিভিন্ন স্লোগান দেন।

এর আগে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর নির্যাতনের অভিযোগের প্রতিবাদে দলীয় নেতাকর্মীদের রাজপথে নামার আহ্বান জানান।

বাংলাদেশের পরিস্থিতি নিয়ে পশ্চিমবঙ্গের রাজনৈতিক দলগুলোর অবস্থান নিয়েও শুরু হয়েছে পাল্টাপাল্টি বক্তব্য। রাজ্য বিজেপির অভিযোগ, বাংলাদেশে হিন্দুদের ওপর হামলা ও হত্যার ঘটনায় বামপন্থীরা যথেষ্ট সরব নন। অথচ গাজা, ফিলিস্তিন কিংবা পাকিস্তানের বিভিন্ন ঘটনা নিয়ে তারা প্রতিবাদ করেন।

তবে সিপিএম নেতা বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেছেন, বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনায় দেশটির সরকারকে কঠোর পদক্ষেপ নিতে হবে।

অন্যদিকে, বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের হস্তক্ষেপ দাবি করেছেন রাজ্যের বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তার বক্তব্য, বিশ্বের যেকোনো প্রান্তে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা মৌলিক মানবাধিকারের অংশ। বাংলাদেশে হিন্দু, বৌদ্ধ, শিখ, জৈন ও খ্রিস্টান সম্প্রদায়ের মানুষের ওপর হামলার অভিযোগও গুরুত্বের সঙ্গে দেখা প্রয়োজন।

এদিকে বাংলাদেশ থেকে ভারতে আসা ব্যক্তিদের ক্ষেত্রে নির্ধারিত সময়সীমা বাড়ানোর বিষয়টিও আলোচনায় রয়েছে। এ নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে আলোচনার কথা আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার জানিয়েছেন, বিষয়টি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় চিন্তাভাবনা করবে। তবে সময়সীমা বাড়াতে হলে বিদ্যমান আইনে সংশোধন আনতে হবে। এজন্য প্রয়োজন হবে দীর্ঘ আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া।

শেয়ার করুন