মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে তৃতীয় দিনের আপিল শুনানি শুরু

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের তৃতীয় দিনের চূড়ান্ত আপিল শুনানি আজ বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে শুরু হয়েছে। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ নেতৃত্বাধীন আপিল বিভাগের ৭ সদস্যের বেঞ্চ এই শুনানি পরিচালনা করছে।

এর আগে, বুধবার (২২ অক্টোবর) সুজন সম্পাদক বদিউল আলম মজুমদারের পক্ষে তার আইনজীবী তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল এবং ১৪তম জাতীয় নির্বাচন থেকে তা কার্যকর করার দাবি জানিয়ে শুনানি করেন।

আজকের শুনানিকালে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ প্রশ্ন তোলেন, তত্ত্বাবধায়ক সরকার ফিরে এলে তা কি সংসদের ক্ষমতাকে ক্ষতিগ্রস্ত করবে? এছাড়া তিনি জানতে চান, যদি তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসে, তাহলে তা অন্তর্বর্তী সরকার হিসেবে গণ্য হবে কিনা। এসব বিষয় আপিল বিভাগের রায়ে স্পষ্ট করা প্রয়োজন হবে বলে উল্লেখ করেন রিটকারী পক্ষের আইনজীবী।

গত মঙ্গলবার (২১ অক্টোবর) একই বেঞ্চে প্রথম দিনের মতো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের চূড়ান্ত আপিল শুনানি অনুষ্ঠিত হয়। ওইদিন সুজন সম্পাদক বদিউল আলম মজুমদারের পক্ষে আইনজীবী ড. শরীফ ভূঁইয়া শুনানি করেন। এরপর বিএনপি, জামায়াতের আইনজীবী ও রাষ্ট্রপক্ষ শুনানি করেন।

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে করা আবেদনের শুনানি শেষে গত ২৭ আগস্ট আপিলের অনুমতি দেওয়া হয়। এরপর ড. বদিউল আলম মজুমদারসহ পাঁচজন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার আপিল করেন।

১৯৯৬ সালে সংবিধানে ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অন্তর্ভুক্ত করা হয়। তবে এর বৈধতা চ্যালেঞ্জ করে ১৯৯৮ সালে অ্যাডভোকেট এম সলিম উল্লাহসহ তিন আইনজীবী হাইকোর্টে রিট করেন। ২০০৪ সালের ৪ আগস্ট হাইকোর্ট বিভাগ ওই রিট খারিজ করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে বৈধ ঘোষণা করে।

শেয়ার করুন