রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

বারবার গুগলে রোগের লক্ষণ খুঁজছেন? অজান্তেই বাড়িয়ে তুলছেন মানসিক উদ্বেগ

বাংলার চোখ নিউজ :

ইন্টারনেটে বারবার রোগের লক্ষণ বা উপসর্গ খোঁজা (সিম্পটম সার্চ) অনেক সময় মানসিক শান্তি দেওয়ার বদলে স্বাস্থ্যসংক্রান্ত উদ্বেগ বা ভীতি আরও বাড়িয়ে দেয়। সম্প্রতি ফিলিপাইনের মিলেনিয়াল (যারা ১৯৮২ থেকে ২০০৪ সাল সময়ের মধ্যে জন্মগ্রহণ করেছে) প্রজন্মের ওপর চালানো এক নতুন গবেষণায় এই তথ্য উঠে এসেছে।

গবেষণায় দেখা গেছে, প্রায় ৭৫ শতাংশ অংশগ্রহণকারী পরিমিত মাত্রার ‘সাইবারকন্ড্রিয়া’ বা অনলাইন স্বাস্থ্য-উদ্বেগে ভুগছেন।

আন্তর্জাতিক চিকিৎসা সাময়িকী ‘কিউরিয়াস’-এ এই গবেষণাটি প্রকাশিত হয়। ২০২৫ সালের নভেম্বর থেকে ২০২৬ সালের মার্চ মাসের মধ্যে ফিলিপাইনের পাম্পাঙ্গা অঞ্চলের ২৯ থেকে ৪৪ বছর বয়সি মোট ৪০১ জন মিলেনিয়ালের ওপর এই জরিপ চালানো হয়।

গবেষণার তথ্য অনুযায়ী, অংশগ্রহণকারীদের ৭৪.৮ শতাংশ মাঝারি মাত্রার এবং ৮.৫ শতাংশ উচ্চ মাত্রার সাইবারকন্ড্রিয়ায় ভুগছেন।

সাইবারকন্ড্রিয়া মূলত এমন একটি মানসিক প্রবণতা, যেখানে অতিরিক্ত ও বারবার অনলাইনে চিকিৎসাসংক্রান্ত তথ্য খোঁজার কারণে মানুষের মনে অসুস্থতার ভয় তীব্র হয়ে ওঠে এবং তারা বারবার নিজের শারীরিক উপসর্গ পরীক্ষা করতে বাধ্য হন। তবে গবেষকরা লক্ষ্য করেছেন যে, এই আচরণের পেছনে চিকিৎসকদের প্রতি কোনো অনীহা বা অবিশ্বাস কাজ করে না। বরং অংশগ্রহণকারীদের বেশিরভাগই অনলাইন স্বমূল্যায়নের চেয়ে পেশাদার চিকিৎসকদের ডায়াগনোসিসের ওপর অনেক বেশি ভরসা রাখেন।

মূলত বারবার অপ্রয়োজনীয় তথ্য খোঁজা এবং অতিরিক্ত আশ্বস্ত হওয়ার মানসিকতাই সাইবারকন্ড্রিয়াকে বাড়িয়ে তোলে, যেখানে চিকিৎসকের সঙ্গে সরাসরি কথা বললে রোগীরা স্বস্তি পেলেও একা একা ইন্টারনেটে অজানা উপসর্গ খোঁজা তাদের আরও উদ্বিগ্ন করে তোলে।

কিছু নির্দিষ্ট জনগোষ্ঠীর মধ্যে সাইবারকন্ড্রিয়ার এই প্রবণতা তুলনামূলকভাবে বেশি দেখা গেছে।

গবেষকদের মতে, নারী অংশগ্রহণকারী, কলেজ ও স্নাতকোত্তর ডিগ্রিধারী ব্যক্তি, ডেস্ক-বেসড বা ডিজিটালি ইন্টেনসিভ পেশার সঙ্গে যুক্ত মানুষ এবং যারা দিনে ২.১ থেকে ৪ ঘণ্টা পর্যন্ত ইন্টারনেট ব্যবহার করেন, তাদের মধ্যে এই স্বাস্থ্য-উদ্বেগের স্কোর অন্যদের তুলনায় বেশি ছিল।

এই সমস্যা মোকাবেলায় গবেষক দল ‘ইজ’ নামক একটি প্রতিরোধমূলক কাঠামোর প্রস্তাব করেছেন, যা ডিজিটাল স্বাস্থ্য সাক্ষরতা উন্নত করা, ইন্টারনেটের সচেতন ও মননশীল ব্যবহার নিশ্চিত করা, টেলি-কনসালটেশনের সুযোগ সহজলভ্য করা এবং কর্মক্ষেত্রে ডিজিটাল সুস্থতা বা ওয়েলনেস কর্মসূচি চালুর ওপর জোর দেয়।

গবেষকদের মতে, মানুষকে শুধু ‘অনলাইনে লক্ষণ খোঁজা বন্ধ করুন’ বললেই সমস্যার সমাধান হবে না। এর পরিবর্তে নির্ভরযোগ্য চিকিৎসা তথ্য সহজলভ্য করা এবং চিকিৎসকদের পেশাদার পরামর্শের সুযোগ বাড়ানো জরুরি।

তবে গবেষকরা এও সতর্ক করেছেন যে, এই গবেষণাটি অনলাইনে নন-প্রোবাবিলিটি স্যাম্পলিং বা নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে পরিচালিত হওয়ায় এর ফলাফল সব মিলেনিয়ালের ক্ষেত্রে পুরোপুরি প্রযোজ্য নয়। প্রস্তাবিত প্রতিরোধমূলক ফ্রেমওয়ার্কটি বাস্তবে কতটা কার্যকর, তা যাচাই করতে আরও গবেষণার প্রয়োজন রয়েছে।

 

শেয়ার করুন