মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

কম্পিউটারের সি ড্রাইভ লাল? দুই কমান্ডেই দূর করুন স্টোরেজ সংকট

বাংলার চোখ নিউজ :

ল্যাপটপ বা কম্পিউটারের গতি হঠাৎ কমে যাওয়া কিংবা সি ড্রাইভের স্টোরেজ লাল হয়ে যাওয়ার সমস্যায় পড়েননি—এমন ব্যবহারকারী পাওয়া কঠিন। বিশেষ করে নিয়মিত ব্যবহারে সি ড্রাইভে অপ্রয়োজনীয় ক্যাশ ও টেম্পোরারি ফাইল জমে স্টোরেজ প্রায় পূর্ণ হয়ে যায়। তবে কোনো থার্ড-পার্টি সফটওয়্যার বা অ্যাপ ছাড়াই উইন্ডোজের নিজস্ব বিল্ট-ইন ফিচার ব্যবহার করে সহজেই এই সমস্যার সমাধান করা সম্ভব।

উইন্ডোজের ‘ডিস্ক ক্লিনআপ’ ফিচারের মাধ্যমে এক ক্লিকেই ড্রাইভের অপ্রয়োজনীয় ফাইল মুছে ফেলে স্টোরেজ খালি করার প্রক্রিয়াটি বেশ সহজ। নিচে এর কার্যকর পদ্ধতি তুলে ধরা হলো:

প্রথম ধাপ: ক্লিনআপ সেটিংস নির্ধারণ 

প্রথমে কীবোর্ডের ‘Windows + R’ কি একসঙ্গে চেপে রান (Run) কমান্ড বক্স ওপেন করতে হবে। এরপর বক্সে ‘cleanmgr /sageset:1’ লিখে এন্টার চাপলে ডিস্ক ক্লিনআপের একটি বিস্তারিত তালিকা চলে আসবে। এই তালিকা থেকে টেম্পোরারি ফাইল, রিসাইকেল বিন বা অন্যান্য অপ্রয়োজনীয় যেসব ক্যাটাগরির ফাইল মুছতে চান, সেগুলোতে টিক মার্ক দিয়ে ‘OK’ বাটনে ক্লিক করতে হবে।

দ্বিতীয় ধাপ: ক্লিনআপ প্রসেস চালু করা 

সেটিংস নির্ধারণ করার পর আবারও কীবোর্ডের ‘Windows + R’ চেপে রান বক্স ওপেন করতে হবে। এবার সেখানে লিখতে হবে ‘cleanmgr /sagerun:1’ এবং এন্টার চাপতে হবে। কমান্ড রান করার সঙ্গে সঙ্গেই প্রথম ধাপে আপনার নির্বাচিত ক্যাটাগরির সমস্ত অপ্রয়োজনীয় ফাইল স্বয়ংক্রিয়ভাবে মুছে যাওয়ার প্রক্রিয়া শুরু হয়ে যাবে।

কম্পিউটারে জমে থাকা জাঙ্ক ফাইলের পরিমাণের ওপর নির্ভর করবে আপনার কতটা জায়গা খালি হবে। নিয়মিত এই ডিস্ক ক্লিনআপ পদ্ধতি অনুসরণ করলে কম্পিউটারের গতি সচল রাখা এবং সি ড্রাইভের স্টোরেজ ফাঁকা রাখা সহজ হয়।

বিশেষ সতর্কতা 

ক্লিনআপ প্রক্রিয়া চালুর আগে কোন কোন ফাইলগুলো মুছে ফেলা হচ্ছে, তার তালিকা ভালোভাবে দেখে নেওয়া নিরাপদ। ভুলবশত কোনো প্রয়োজনীয় বা ব্যক্তিগত ফাইল মুছে যাওয়ার ঝুঁকি এড়াতে গুরুত্বপূর্ণ ডাটাগুলো আগেই অন্য কোনো ড্রাইভে ব্যাকআপ করে রাখা বুদ্ধিমানের কাজ হবে।

শেয়ার করুন