বাংলার চোখ নিউজ :
মস্তিষ্কে টিউমার ধরা পড়েছে। এমন খবর শুনলে রোগী ও তার পরিবারের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। প্রথমেই মনে আসে নানা প্রশ্ন। অস্ত্রোপচার করতে হবে? কতটা ঝুঁকি আছে? দেশে চিকিৎসা হবে, নাকি বিদেশে যেতে হবে? অনেক পরিবার তখন বিদেশে চিকিৎসার খোঁজ শুরু করে। কেউ আবার খরচের কথা ভেবে দুশ্চিন্তায় পড়ে যান।
কিন্তু অনেকেই হয়তো জানেন না, বাংলাদেশেও এখন কিছু মস্তিষ্কের টিউমারের চিকিৎসা অস্ত্রোপচার ছাড়াই করা সম্ভব। আধুনিক এই চিকিৎসাপদ্ধতির নাম রেডিওসার্জারি।
প্রতিবছর ২৪ নভেম্বর বিশ্ব রেডিওসার্জারি দিবস পালিত হয়। এই দিনটি আমাদের মনে করিয়ে দেয়, চিকিৎসাবিজ্ঞানের অনেক নতুন সুযোগ তৈরি হয়েছে। প্রয়োজন শুধু সেগুলো সম্পর্কে জানা এবং সঠিক সময়ে চিকিৎসা নেওয়া।
কেন ২৪ নভেম্বর এই দিবস?
রেডিওসার্জারির জনক হিসেবে পরিচিত সুইডেনের চিকিৎসক লার্স লেকসেল। ১৯০৭ সালের ২৪ নভেম্বর তার জন্ম। তিনি ১৯৫১ সালে প্রথম এমন একটি চিকিৎসার ধারণা দেন, যেখানে অস্ত্রোপচার ছাড়াই মস্তিষ্কের নির্দিষ্ট জায়গায় রেডিয়েশন দিয়ে চিকিৎসা করা সম্ভব। পরে তার গবেষণার পথ ধরে গামা নাইফ নামের বিশেষ প্রযুক্তি তৈরি হয়।
তার জন্মদিনকে স্মরণীয় করে রাখতে ২০২২ সাল থেকে ইন্টারন্যাশনাল স্টেরিওট্যাকটিক রেডিওসার্জারি সোসাইটি (ISRS)-এর উদ্যোগে প্রতিবছর ২৪ নভেম্বর বিশ্ব রেডিওসার্জারি দিবস পালিত হয়ে আসছে।
রেডিওসার্জারি আসলে কী?
নামের মধ্যে ‘সার্জারি’ থাকলেও এই চিকিৎসায় কোনো ছুরি-কাঁচি ব্যবহার করা হয় না। শরীরের কোথাও কাটাছেঁড়াও করতে হয় না। সহজভাবে বললে, বিশেষ যন্ত্রের সাহায্যে টিউমারের ঠিক জায়গাটিতে অত্যন্ত নিখুঁতভাবে শক্তিশালী রেডিয়েশন বা বিকিরণ দেওয়া হয়। এতে টিউমারের বৃদ্ধি থামানো বা কিছু ক্ষেত্রে টিউমার ছোট করা সম্ভব হয়। আশপাশের সুস্থ অংশের ক্ষতি যতটা সম্ভব কম রাখার চেষ্টা করা হয়।
অনেক ক্ষেত্রে এক দিনেই চিকিৎসা শেষ করা যায়। কারও কারও কয়েক দিন লাগে। সাধারণত দীর্ঘদিন হাসপাতালে ভর্তি থাকার প্রয়োজন হয় না।
শুধু গামা নাইফ নয়, অন্য যন্ত্রেও সম্ভব
অনেকের ধারণা, রেডিওসার্জারি মানেই গামা নাইফ। আসলে তা নয়। গামা নাইফ ছাড়াও সাইবার নাইফ এবং আধুনিক লিনিয়ার অ্যাক্সিলারেটর বা লিন্যাক মেশিনের সাহায্যেও এই চিকিৎসা করা যায়।
সবচেয়ে আশার কথা, বাংলাদেশেও আধুনিক লিন্যাক মেশিনের মাধ্যমে রেডিওসার্জারি চিকিৎসা হচ্ছে। অর্থাৎ এই চিকিৎসার প্রয়োজন হলেই বিদেশে যেতে হবে, এমন নয়।
তবে সব লিন্যাক মেশিনে এই চিকিৎসা সম্ভব নয়। এর জন্য বিশেষ ব্যবস্থা, দক্ষ চিকিৎসক, প্রশিক্ষিত জনবল এবং নিয়মিত মাননিয়ন্ত্রণ প্রয়োজন।
কোন কোন রোগে এই চিকিৎসা কাজে আসে?
মস্তিষ্কের কিছু ছোট টিউমার, শরীরের অন্য জায়গা থেকে ক্যানসার মস্তিষ্কে ছড়িয়ে পড়া, কিছু ক্যানসারবিহীন টিউমার এবং মস্তিষ্কের রক্তনালির বিশেষ সমস্যায় রেডিওসার্জারি ব্যবহার করা হয়।
একই ধরনের প্রযুক্তি দিয়ে ফুসফুস, লিভার ও মেরুদণ্ডের কিছু টিউমারের চিকিৎসাও করা সম্ভব।
তবে সব রোগীর জন্য এই চিকিৎসা উপযুক্ত নয়। টিউমারের আকার, অবস্থান ও রোগীর শারীরিক অবস্থা দেখে বিশেষজ্ঞ চিকিৎসক সিদ্ধান্ত নেন।
বাংলাদেশে সুযোগ আছে, কিন্তু সবাই কি জানেন?
বাংলাদেশে কয়েকটি বিশেষায়িত হাসপাতালে এখন এই চিকিৎসা দেওয়া হচ্ছে। এটি আমাদের চিকিৎসাব্যবস্থার জন্য একটি ভালো খবর।
কিন্তু বাস্তবতা হলো, দেশের অনেক মানুষ এখনো জানেন না যে এমন চিকিৎসা বাংলাদেশেই সম্ভব। ফলে কেউ বিদেশে যাওয়ার কথা ভাবেন, আবার কেউ চিকিৎসা শুরু করতে দেরি করেন।
ঢাকার বাইরে থেকে আসা রোগীদের জন্য যাতায়াত, থাকা ও চিকিৎসার খরচও বড় সমস্যা। তাই শুধু আধুনিক মেশিন থাকলেই চলবে না। চিকিৎসার সুযোগ বাড়াতে হবে, দক্ষ জনবল তৈরি করতে হবে এবং চিকিৎসার খরচ সাধারণ মানুষের নাগালের মধ্যে আনার চেষ্টা করতে হবে।
সরকারি ও বেসরকারি হাসপাতালের মধ্যে সহযোগিতা বাড়ানোও জরুরি, যাতে আরও বেশি রোগী এই চিকিৎসার সুবিধা পান।
শেষ কথা
মস্তিষ্কে টিউমার ধরা পড়লেই ভয় পেয়ে আশা ছেড়ে দেওয়ার কারণ নেই। সব টিউমার ক্যানসার নয়। আবার সব টিউমারের জন্য অস্ত্রোপচারও প্রয়োজন হয় না। তবে রেডিওসার্জারিও সবার জন্য নয়। সবচেয়ে জরুরি হলো সময়মতো সঠিক বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া।
বিশ্ব রেডিওসার্জারি দিবসে সাধারণ মানুষের কাছে আমাদের বার্তা খুব সহজ: বিদেশে যাওয়ার সিদ্ধান্ত নেওয়ার আগে জেনে নিন, আপনার প্রয়োজনীয় চিকিৎসা বাংলাদেশে সম্ভব কি না।
আধুনিক চিকিৎসা যেন শুধু বড় শহর বা সামর্থ্যবান মানুষের মধ্যে সীমাবদ্ধ না থাকে। দেশের প্রত্যন্ত অঞ্চলের রোগীরাও যেন এর সুফল পান।
কারণ চিকিৎসাবিজ্ঞানের আসল সাফল্য শুধু নতুন প্রযুক্তি আবিষ্কারে নয়, সেই চিকিৎসা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ায়।
ডা. আরমান রেজা চৌধুরী
সিনিয়র কনসালট্যান্ট, রেডিয়েশন অনকোলজি
এভারকেয়ার হাসপাতাল ঢাকা





