বাংলার চোখ নিউজ :
সংগীতশিল্পী ও অভিনেত্রী পারশা মাহজাবীন পূর্ণীর সঙ্গে বিয়ে নিয়ে কয়েক দিন ধরেই আলোচনা চলছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত বিভিন্ন ছবি, ইঙ্গিত ও নানা ‘ক্লু’ ঘিরে তৈরি হয়েছিল কৌতূহল, কাকে বিয়ে করেছেন এই তরুণ গায়িকা। বারবার উঠে এসেছে স্বঘোষিত নাস্তিক ও ব্লগার আসাদ নূরের নাম।
অবশেষে সেই জল্পনার অবসান ঘটিয়ে পারশাকে বিয়ে করার কথা স্বীকার করেছেন আসাদ নূর নিজেই।
মঙ্গলবার (১০ নভেম্বর) বাংলাদেশ সময় রাত সাড়ে ১২টার দিকে নিজের ইউটিউব চ্যানেলে সরাসরি সম্প্রচারে এসে বিয়ের বিষয়টি প্রকাশ্যে আনেন তিনি। একই সঙ্গে বিয়ের পেছনের উদ্দেশ্য এবং এ নিয়ে তৈরি হওয়া আলোচনা-সমালোচনারও জবাব দেন।
লাইভে আসাদ নূর জানান, বিষয়টি তারা পরিকল্পিতভাবেই সামনে এনেছিলেন। সমাজে প্রচলিত কিছু ট্যাবু ভাঙা এবং এ নিয়ে মানুষের প্রতিক্রিয়া বোঝাই ছিল তাদের উদ্দেশ্য। এ জন্য মূল তথ্যটি গোপন রেখে পাঞ্জাবি, শাড়ির আঁচল এবং ইনস্টাগ্রামে একে অপরকে অনুসরণ করার মতো কিছু ইঙ্গিত ইচ্ছাকৃতভাবে প্রকাশ করেছিলেন তারা। এমনকি ছবি আড়াল করা এবং কিছুটা আড়ালে থাকার মধ্য দিয়েও মানুষের কৌতূহল ও প্রতিক্রিয়া পর্যবেক্ষণ করেছেন বলে জানান তিনি।
সমালোচকদের উদ্দেশে আসাদ নূর বলেন, ব্যক্তিগত জীবন ও বিয়ে নিয়ে মানুষের অতিরিক্ত আগ্রহের বিষয়টি সামনে আনতেই তাদের এই উদ্যোগ। বিশেষ করে ধর্মীয় উগ্রতা ও উগ্র জাতীয়তাবাদে বিশ্বাসীদের প্রচলিত চিন্তাধারাকে নাড়া দেওয়াও এর অন্যতম উদ্দেশ্য ছিল বলে জানান তিনি।
পারশার পরিবার ও বেড়ে ওঠার প্রসঙ্গ তুলে ধরে আসাদ নূর জানান, পারশা তার বাবা-মায়ের একমাত্র সন্তান এবং পরিবারের অত্যন্ত আদরের। তার বাবা শিক্ষক ও অধ্যাপক ছিলেন। ছোটবেলা থেকেই গান ও সংস্কৃতির পরিবেশে বেড়ে উঠেছেন পারশা। তার ক্যারিয়ার, যোগ্যতা ও ব্যক্তিগত অর্জনের প্রতি সম্মান রেখেই একসঙ্গে জীবন কাটানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান আসাদ নূর।
নিজেদের রাজনৈতিক সম্পৃক্ততা নিয়েও কথা বলেন তিনি। রাজনৈতিক দলের হয়ে কাজ করার অভিযোগ নাকচ করে আসাদ নূরের দাবি, তিনি কিংবা পারশা কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠীর হয়ে কাজ করেন না। বিএনপি কিংবা অন্য কোনো রাজনৈতিক দলের কাছ থেকেও তারা অর্থ বা অনুদান নেননি।
এ সময় জুলাই আন্দোলনে পারশার ভূমিকার কথাও উল্লেখ করেন আসাদ নূর। তার ভাষ্য, জুলাই আন্দোলনের সময় পারশা ছিলেন আলোচিত ‘পোস্টার গার্ল’। আন্দোলনকেন্দ্রিক ‘চলো ভুলে যাই’ গানেও তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। ৫ আগস্টের পরও ক্ষমতার মোহে না জড়িয়ে তিনি জুলাইপন্থীদের সঙ্গে যুক্ত ছিলেন বলে দাবি করেন আসাদ নূর।
ধর্মীয় বিশ্বাস ও সমালোচনা প্রসঙ্গে আসাদ নূর বলেন, গত দেড় বছর ধরে তিনি কোনো ধর্মের সমালোচনা করেন না। মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত করাও তার পছন্দ নয়। তার মতে, সমাজে ভালো মানুষ যেমন আছেন, তেমনি ভালো নাস্তিক ও ধার্মিক- দুই শ্রেণির মানুষই রয়েছেন।
সবশেষে সামাজিক যোগাযোগমাধ্যমে পারশাকে নিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি করা আপত্তিকর ছবি, ট্রল ও অপপ্রচারের সমালোচনা করেন আসাদ নূর। নারীদের ব্যক্তিগত মর্যাদা ও সম্মান বজায় রাখার আহ্বানও জানান তিনি।





