জনপ্রিয় নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার সংসার ভাঙার গুঞ্জন নিয়ে কয়েক দিন ধরেই আলোচনা চলছে। অনলাইন ও অফলাইনে ছড়িয়ে পড়া এ খবর নিয়ে দেশি-বিদেশি বিভিন্ন গণমাধ্যমেও প্রতিবেদন প্রকাশিত হয়েছে। কেউ কেউ দাবি করছে, ফারুকী ও তিশা আপাতত দুজনে আলাদা থাকছেন।
অবশেষে এ বিষয়ে গণমাধ্যমে মুখ খুলেছেন ফারুকী। তিনি এই খবরকে গুঞ্জন দাবি করে গুরুত্ব না দেওয়ার কথা জানিয়েছেন। বরং কাজ নিয়ে তিনি ও তিশা দুজনেই ব্যস্ত রয়েছেন বলে জানান।নিজের নতুন সিনেমা ও বিজ্ঞাপনচিত্রের কাজের খবর জানিয়ে ফারুকী বলেন, তিশাও নতুন একটি আন্তর্জাতিক সিনেমায় অভিনয়ের বিষয়ে আলোচনায় ব্যস্ত রয়েছেন।
সংসার ভাঙার গুঞ্জন নিয়ে জানতে চাইলে মোস্তফা সরয়ার ফারুকী বলেন, তাকে নিয়ে আগেও নানা ধরনের অপপ্রচার ও মিথ্যা সংবাদ ছড়ানো হয়েছে। এখন ব্যক্তিগত আক্রমণ করা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
ফারুকীর ভাষ্য, ‘আমাকে নিয়ে তো নানা প্রোপাগান্ডা, মিথ্যা নিউজ প্রচার শুরু হয়েছে আরও আগে থেকে। এখন চলছে ব্যক্তিগত আক্রমণ। আসলে মিথ্যা নিউজে তো ঘটনা সত্য হয় না। আর এসব নিয়ে কথা বলা মানে আরও প্রশ্রয় দেওয়া। তাই এ বিষয়ে আমি বা তিশা কেউই কোনো মন্তব্য করতে চাই না। এর চেয়ে বরং নতুন কাজ করছি, আসুন নতুন কাজ নিয়ে কথা বলি।’




