রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

বড় বিশ্ববিদ্যালয়ের অনড় সিদ্ধান্তে লাখো ভর্তিচ্ছুর ‘স্বপ্নভঙ্গ’

বাংলার চোখ নিউজ :

এসএসসিতে জিপিএ-৫ পেয়েছিলেন রাফসানি সাদিক। ছোটবেলা থেকে স্বপ্ন ছিল প্রকৌশলী হওয়ার। বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি পরীক্ষাও ভালো দিয়েছিলেন। পরীক্ষা শেষেই শুরু করেন বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি। কোচিংয়ে ভর্তি হন তিনি। লক্ষ্য ছিল বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার।

কিন্তু গত ৩১ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের পর সবকিছু এলোমেলো হয়ে যায় তার। উচ্চতর গণিত, পদার্থ ও জীববিজ্ঞানসহ অন্য বিষয়গুলোতে ভালো ফল করলেও তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিষয়ে অকৃতকার্য হন রাফসানি। এক বিষয়ে ফেল করায় আটকে যায় তার উচ্চশিক্ষার পথ।

সরকারের সাপ্লিমেন্টারি পরীক্ষার ঘোষণায় নতুন করে আশা দেখেন তিনি। এরই মধ্যে ফরম পূরণ করেছেন। ডিসেম্বরে পরীক্ষা দিয়ে পাস করার প্রস্তুতিও নিচ্ছেন। কিন্তু পাস করলেও বুয়েট কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবেন না। কারণ ফল প্রকাশের আগেই এসব বিশ্ববিদ্যালয়ের ভর্তির আবেদন শেষ হয়ে যাবে।

রাফসানির মতো এমন অনিশ্চয়তার মুখে পড়েছেন লাখো শিক্ষার্থী। এবার এইচএসসি ও সমমান পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য হয়েছেন ৪ লাখ ২২ হাজারের বেশি শিক্ষার্থী। তাদের মধ্যে সাপ্লিমেন্টারি পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছেন দেড় লাখের বেশি। পরীক্ষায় পাস করে উচ্চশিক্ষায় ভর্তির স্বপ্ন দেখছেন তাদের অনেকে। অথচ দেশের শীর্ষ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের অনড় সিদ্ধান্তে সেই স্বপ্ন পূরণের সুযোগ থাকছে না।শিক্ষা মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) উদ্যোগের পরও ঢাকা বিশ্ববিদ্যালয় ও বুয়েট ভর্তি পরীক্ষার সময়সূচি পরিবর্তন করেনি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েও সাপ্লিমেন্টারি পরীক্ষার্থীদের আবেদনের সুযোগ থাকছে না। মেডিকেলে ভর্তি নিয়েও একই জটিলতা। বিপরীতে রাজশাহী, চট্টগ্রাম, খুলনা ও জগন্নাথসহ কয়েকটি বিশ্ববিদ্যালয় বিশেষ সুযোগ রেখেছে।

এতে একই শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষায় ভর্তির ক্ষেত্রে দুই ধরনের ব্যবস্থা তৈরি হয়েছে। একদল সাপ্লিমেন্টারি পরীক্ষায় পাস করে বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাবেন। অন্যরা পাস করেও পছন্দের বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় বসতে পারবেন না।

সাপ্লিমেন্টারি পরীক্ষায় অংশ নিতে যাওয়া শিক্ষার্থীদের দাবি, পরীক্ষায় পাস করলে যোগ্যতা অনুযায়ী সব বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দিতে হবে তাদের। সময়সূচির ফাঁদে ফেলে কাউকে বাদ দেওয়া ঠিক হবে না। প্রয়োজনে শর্তসাপেক্ষে আবেদন নেওয়ার ব্যবস্থা করতে হবে।

ঢাকার সরকারি বিজ্ঞান কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দিয়ে এক বিষয়ে ফেল করেছেন আবু সুফিয়ান। বাকি বিষয়গুলোতে তার ফল কোনোটাই জিপিএ-৫, কোনোটাই জিপিএ-৪। ফেল করা বিষয়ে পাস করলেই তার গড় জিপিএ সাড়ে ৪-এর ওপরে থাকবে।

সুফিয়ান জাগো নিউজকে বলেন, ‘কীভাবে ইংরেজিতে ফেল করলাম, বিশ্বাস করতে পারছি না। পুনর্নিরীক্ষণে আবেদন করেছি। ফল না বদলালে সাপ্লিমেন্টারি পরীক্ষা দেবো। আমার লক্ষ্য ছিল ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। অথচ পরীক্ষায় পাস করে জিপিএ-৫ পেলেও সেখানে আবেদন করতে পারবো না। এটা আমাদের সঙ্গে বৈষম্য। আমরা সুযোগ চাই।’

 

 

 

শেয়ার করুন