বাংলার চোখ নিউজ :
সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সংবাদ সম্মেলনের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন হাইকোর্ট।
অনুসন্ধানের শুরুতেই দুর্নীতি ও অনিয়মের অভিযোগের ‘প্রাথমিক সত্যতা পাওয়া গেছে’ বলে সংবাদ সম্মেলনে বক্তব্য দেওয়া এবং তা গণমাধ্যমে প্রচার করা কেন বেআইনি ও আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।
বুধবার (১১ নভেম্বর) হাইকোর্টের বিচারপতি মো. বশির উল্লাহ ও বিচারপতি মো৷ হামিদুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মো. ইউসুফ আলী ও অ্যাডভোকেট জহিরুল ইসলাম মূসা। এর আগে গত ৪ নভেম্বর রিটের শুনানি শেষে আজ আদেশের জন্য দিন ধার্য করেছিলেন আদালত। তারই ধারাবাহিকতায় আজ সেটি শুনানি নিয়ে হাইকোর্ট আদেশ দেন। গত ২৮ সেপ্টেম্বর সংবিধানের ১০২ অনুচ্ছেদের অধীনে হাইকোর্টে রিটটি দায়ের করেন আসিফ মাহমুদ। রিটে গত ২ ও ১৩ সেপ্টেম্বর দুদকের দেওয়া দুটি প্রেস ব্রিফিংয়ের বৈধতা চ্যালেঞ্জ করা হয়।
রিট আবেদনে অনুসন্ধানাধীন কোনো বিষয়ে মানহানিকর বক্তব্য দিয়ে সংবাদ সম্মেলন করা থেকে দুদককে বিরত রাখার নির্দেশনা চাওয়া হয়েছে। একই সঙ্গে ইতোমধ্যে প্রচারিত বক্তব্য আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করে সমান গুরুত্ব দিয়ে গণমাধ্যমে বিজ্ঞপ্তি প্রকাশের আবেদন জানানো হয়।
রিটে দুদক চেয়ারম্যান, কমিশনের জনসংযোগ শাখার উপপরিচালক ও সহকারী পরিচালককে বিবাদী করা হয়েছে। রিট আবেদনে বলা হয়, গত ২ সেপ্টেম্বর দুদকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, আসিফ মাহমুদ ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে বদলি, নিয়োগ ও পদোন্নতি বাণিজ্যের অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে কমিশন। কিন্তু অনুসন্ধানের শুরুতেই অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে বলে প্রকাশ্যে বক্তব্য দেওয়ার আইনগত এখতিয়ার দুদকের নেই বলে দাবি করেন রিটকারী।
আবেদনে আরও বলা হয়, ৯ সেপ্টেম্বর দুদকের সচিব গণমাধ্যমের প্রশ্নের জবাবে ওই বক্তব্যকে ‘স্লিপ অব দ্য টাং’ বা মুখ ফসকে বলা বলে উল্লেখ করেন। সংশ্লিষ্ট কর্মকর্তাও সাংবাদিকদের হোয়াটসঅ্যাপ গ্রুপে বক্তব্যটি অনিচ্ছাকৃত ভুল বলে স্বীকার করেন। তবে ওই বক্তব্য আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করে গণমাধ্যমে কোনো বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি।
এরপর ১০ সেপ্টেম্বর লিগ্যাল নোটিশ পাঠানো হলেও গত ১৩ সেপ্টেম্বর দুদক আরেকটি প্রেস ব্রিফিং করে। সেখানে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক নিয়োগ, জেলা প্রশাসক (ডিসি) পদায়ন, ওয়াসা, এলজিইডি, বিভিন্ন উন্নয়ন প্রকল্পের দরপত্র এবং বিদেশে অর্থপাচারসহ আরও বিভিন্ন অভিযোগ তুলে ধরা হয়।
রিট আবেদনে আসিফ মাহমুদ এসব অভিযোগ ভিত্তিহীন ও অসত্য বলে দাবি করেন। তার বক্তব্য, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে অতিরিক্ত দায়িত্ব বাতিলের বিষয়টি প্রশাসনিক আপিল ট্রাইব্যুনালের রায়ের পর মন্ত্রণালয়ের সিদ্ধান্তে কার্যকর হয়েছিল।
এ ছাড়া ১৫০ জন সহকারী যুব উন্নয়ন কর্মকর্তার পদোন্নতি কার্যকর হয় ২০২৬ সালের ১১ মে। অথচ তিনি উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেন ২০২৫ সালের ১১ ডিসেম্বর। ফলে তার পদত্যাগের প্রায় পাঁচ মাস পর কার্যকর হওয়া ওই পদোন্নতিতে তার সংশ্লিষ্টতার অভিযোগ বাস্তবসম্মত নয় বলে রিটে উল্লেখ করা হয়।
রিটে আরও বলা হয়, আসন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রার্থিতা ঘোষণার পর তার সামাজিক ও রাজনৈতিক মর্যাদা ক্ষুণ্ন করা এবং ‘মিডিয়া ট্রায়াল’ পরিচালনার উদ্দেশ্যে এসব ব্রিফিং করা হয়েছে।
এ ধরনের বক্তব্য সংবিধানের ৩১ অনুচ্ছেদে নাগরিকের আইনগত সুরক্ষা, মর্যাদা ও সুনামের অধিকার এবং দুদকের ‘তথ্য অবমুক্তকরণ নীতিমালা, ২০১১’-এর পরিপন্থি বলেও দাবি করা হয়েছে।




