বাংলার চোখ নিউজ :
কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে পুলিশের হাতে তুলে দেওয়াকে কেন্দ্র করে রাজশাহীতে এবার সংঘর্ষে জড়িয়েছে ছাত্রদলের দুই পক্ষ। বুধবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে নগরীর জাদুঘর মোড় এলাকায় শুরু হওয়া এ সংঘর্ষ ছড়িয়ে পড়ে আশপাশের এলাকায়। প্রায় দুই ঘণ্টা ধরে দফায় দফায় চলে পালটাপাল্টি ধাওয়ায়, ইটপাটকেল নিক্ষেপ ও ককটেল বিস্ফোরণ। গুলিবর্ষণেরও অভিযোগ উঠেছে। এতে কয়েকজন আহত হয়েছেন।
সংঘর্ষে জড়িত দুই পক্ষের নেতাকর্মীদের হাতে দেশীয় অস্ত্র দেখা যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে। পরে অতিরিক্ত পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তবে সংঘর্ষের পরও এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
মহানগর ছাত্রদলের সদস্যসচিব ইমদাদুল হক লিমনের অভিযোগ, রাজপাড়া থানা এলাকায় নিষিদ্ধ ছাত্রলীগের নেতা শাহিনুরকে আটক করে পুলিশের হাতে তুলে দেন ছাত্রদলের নেতাকর্মীরা। এ ঘটনার পর তারা জাদুঘর মোড়ে গেলে মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাফায়েত হোসেন মান্নার নেতৃত্বে তাদের ওপর হামলা চালানো হয়।
তবে এসব অভিযোগের বিষয়ে ছাত্রদল নেতা সাফায়েত হোসেন মান্নার কোনো বক্তব্য পাওয়া যায়নি।





