বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

আসিব-আসিব বলে কতদিন পার হবে জানি না, এসব নিয়ে আমাদের মনোযোগ নেই

বাংলার চোখ নিউজ :

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর দেশে ফিরে আসার ঘোষণায় সরকার কোনো চাপে নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

শেখ হাসিনার ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা এবং এ উপলক্ষে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে প্রশ্ন করা হলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এখন আসিব-আসিব বলিয়া কতদিন পার হবে, কোন দিন, একবার বলে নভেম্বর, একবার বলে ডিসেম্বর, আরেকবার বলে ১৬ তারিখ এগুলোতে আমাদের মনোযোগ নেই। আমরা সব সময় সতর্ক আছি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী তিনি দেশে ফিরতে পারেন। ভারতকে কূটনৈতিক চ্যানেলে চিঠি দেওয়া হয়েছে। তারা আইন অনুযায়ী পরীক্ষা করে সে অনুযায়ী ব্যবস্থা নিচ্ছে বলে জানিয়েছে।

আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধ করার বিষয়ে এক প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, বিষয়টি বিচারিক প্রক্রিয়ার ওপর নির্ভর করছে। সন্ত্রাসবিরোধী আইনের সংশ্লিষ্ট ধারা সংশোধনের মাধ্যমে দল হিসেবে আওয়ামী লীগের মানবতাবিরোধী অপরাধের বিচার করার সুযোগ তৈরি হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে এবং তা শেষ পর্যায়ে রয়েছে।

তিনি বলেন, তদন্ত শেষে অভিযোগপত্র দাখিল এবং বিচারিক প্রক্রিয়া সম্পন্ন হলে আদালত আইন অনুযায়ী সিদ্ধান্ত নেবেন। সে ক্ষেত্রে দল স্থায়ীভাবে বা নির্দিষ্ট সময়ের জন্য নিষিদ্ধ করা এবং সংগঠনের সম্পত্তি বাজেয়াপ্ত করার মতো বিধান রয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, বর্তমানে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনগুলোর কার্যক্রম নিষিদ্ধ রয়েছে। নির্বাচন কমিশনও দলটির নিবন্ধন স্থগিত করেছে।

শেয়ার করুন