বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

নারায়ণগঞ্জের সাত খুনে জিয়াউল আহসানের সম্পৃক্ততার তথ্য পেয়েছে তদন্ত: অ্যাটর্নি জেনারেল

বাংলার চোখ নিউজ :

নারায়ণগঞ্জের আলোচিত সাত খুনের ঘটনায় র‍্যাবের সাবেক কর্মকর্তা জিয়াউল আহসানের জড়িত থাকার তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল।

বুধবার (২৫ নভেম্বর) নারায়ণগঞ্জের সাত খুন মামলার আপিল শুনানি শেষে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন অ্যাটর্নি জেনারেল।

অ্যাটর্নি জেনারেল জানান, সাত খুন মামলার আপিল শুনানিতে রাষ্ট্রপক্ষের হয়ে তিনি এবং অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক আদালতে যুক্তি উপস্থাপন করেছেন। শুনানিতে হাইকোর্টের রায়ের বিভিন্ন অংশ তুলে ধরার পাশাপাশি আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দির গুরুত্বপূর্ণ অংশ আদালতের নজরে আনা হয়েছে। বুধবার দিনভর রাষ্ট্রপক্ষ যুক্তি উপস্থাপন করেছে এবং বৃহস্পতিবারও (২৬ নভেম্বর) মামলাটির শুনানি অব্যাহত থাকবে বলে আশা করা হচ্ছে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জিয়াউল আহসানকে সাত খুন মামলায় আসামি না করার বিষয়ে অ্যাটর্নি জেনারেল বলেন, প্রচলিত আইনে এই মামলার বিচার হয়েছে। অন্যদিকে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়া ভিন্ন। এই মামলায় জিয়াউল আহসানকে আসামি করা হয়নি, সেটি আলাদা বিষয়। তবে মামলার সাক্ষ্য ও জবানবন্দিতে তার নাম ও দায়িত্বের বিষয়টি উঠে এসেছে। এ কারণে ইতোমধ্যে সম্পন্ন হওয়া বিচারিক প্রক্রিয়া ত্রুটিপূর্ণ ছিল এমন কথা বলার সুযোগ নেই।

রায়ের প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, এ মামলায় হাইকোর্ট বিভাগ ১৫ জনকে মৃত্যুদণ্ড এবং ১১ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। এছাড়া আরও নয়জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। রাষ্ট্রপক্ষ হাইকোর্টের দেওয়া এই রায় বহাল রাখার পক্ষে অবস্থান নিয়েছে।

অ্যাটর্নি জেনারেল জানান, দ্রুত বিচারপ্রাপ্তি প্রত্যেক নাগরিকের অধিকার। আলোচিত ও গুরুতর অপরাধের মামলাগুলো দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে অ্যাটর্নি জেনারেল কার্যালয় বিশেষ উদ্যোগ নিয়েছে। এর অংশ হিসেবে নভেম্বর ও ডিসেম্বরের প্রথম সপ্তাহে আপিল বিভাগে অগ্রাধিকার ভিত্তিতে চারটি আলোচিত মামলার শুনানি নির্ধারণের উদ্যোগ নেওয়া হয়েছে। মামলাগুলো হলো নারায়ণগঞ্জের সাত খুন, বুয়েটের আবরার ফাহাদ হত্যা, মেজর সিনহা হত্যা এবং বিশ্বজিৎ দাস হত্যা মামলা।

শেয়ার করুন