বাংলার চোখ নিউজ :
আপনার শিশুসন্তানের শরীরে ভিটামিনের ঘাটতি হলে সাধারণত অতিরিক্ত ক্লান্তি, খিটখিটে মেজাজ, ওজন বা উচ্চতা কম বাড়া এবং ঘন ঘন অসুস্থ হওয়ার মতো লক্ষণ দেখা দেয়। কোন ভিটামিনের ঘাটতি হয়েছে, তার ওপর ভিত্তি করে উপসর্গগুলো ভিন্ন হতে পারে।
খাওয়া নিয়ে অনেক শিশুরই বায়না আছে। তারা ঠিকমতো খাবার খেতে চায় না। আবার সঠিক খাবার না খাওয়ার কারণে শিশুর শরীরে ভিটামিন এবং খনিজের ঘাটতি লেগেই থাকে। এ ছাড়া আজকাল শিশুরা চিনিযুক্ত পানীয় এবং প্রক্রিয়াজাত খাবার বেশি খায়। সে কারণেও তাদের শরীরে ভিটামিনের ঘাটতি দেখা দেয়।
শিশুর মধ্যে এ লক্ষণগুলো নিয়মিত দেখা দিলে নিজে থেকে কোনো ভিটামিন সিরাপ বা সাপ্লিমেন্ট খাওয়ানো উচিত নয়।
আহমেদাবাদের অ্যাপোলো হাসপাতালের শিশুরোগ বিশেষজ্ঞ এবং নেওনাটলজিস্ট ডা. রিচা পাঞ্চাল শিশুর শরীরে ভিটামিনের অভাবের প্রধান লক্ষণগুলো উল্লেখ করেছেন।
ভিটামিন ‘এ’-এর অভাবে চোখ শুষ্ক হয়ে যায়। এতে রাতকানা রোগ হয়, চোখের সাদা অংশে কুঁচকে যাওয়া কিংবা বাদামি দাগ দেখা যায়। সেই সঙ্গে শিশুর ঘন ঘন পেট বা বুকে সংক্রমণ দেখা দেয়। এ ছাড়া ভিটামিন বি কমপ্লেক্সের অভাবও দেখা যায়। যা শিশুর ক্ষুধা, দুর্বলতা ও বিরক্তি প্রকাশ পায়।
আবার ভিটামিন ডি-এর অভাবে হাড় দুর্বল হয়ে যেতে পারে। ছোট শিশুর রিকেটস নামের এক ধরনের রোগ হয়। এতে তাদের পায়ের হাড় বেঁকে যেতে পারে। এ ছাড়া ভিটামিন ডি-এর ঘাটতি হলে শিশুর চলাফেরা এবং দাঁত উঠতে দেরি হয়। আবার ক্যালসিয়ামের ঘাটতি সাধারণত ভিটামিন ডি-এর অভাবেই হয়ে থাকে। এর পাশাপাশি পেশিতে ক্রাম্প দেখা দেয়।
বিশেষজ্ঞরা বলছেন, বেশিরভাগ শিশুর শরীরে ভিটামিন ডি, ক্যালসিয়াম, ভিটামিন বি১২, পটাশিয়াম এবং আয়রনের অভাব রয়েছে। বিশেষ করে কিশোরীর মধ্যে আয়রনের ঘাটতি বেশি দেখা যায়।
শিশুরোগ বিশেষজ্ঞ এবং নেওনাটলজিস্ট ডা. রিচা পাঞ্চাল বলেন, শিশুর জন্য ডায়েটে মনোযোগ দেওয়া জরুরি। ভিটামিন ও খনিজের ঘাটতি মেটাতে দেশি খাবারের ওপর জোর দিতে হবে।
তিনি জানান, সবুজ শাকসবজি, পালংশাক, আমড়া, বেশিরভাগ সবুজ এবং হলুদ ফল, সবজি- যেমন, পেঁপে, কুমড়া এবং গাজর, শক্তিশালী খাবার- ঘি, দুধ, ভিটামিন এ-এর ভালো উৎস।
এ ছাড়া ভিটামিন ডি-এর জন্য গরুর কলিজা, ডিমের কুসুম, মাখন, পনির, মাছ এবং মাছের তেল খাওয়ার পরামর্শ দিয়েছেন এ শিশুরোগ বিশেষজ্ঞ। তিনি শরীরে ভিটামিন ডি-এর ঘাটতি পূরণের জন্য সূর্যালোকের সংস্পর্শে আসারও পরামর্শ দেন।





