বাংলার চোখ নিউজ :
চিরবিদায় নিলেন দর্শকপ্রিয় অভিনেতা সোহেল খান। মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় ঢাকার ধামরাই উপজেলার রাজাপুরে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়েছে। এর আগে সন্ধ্যা ৬টার দিকে রাজাপুর ঈদগাহ মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজা শেষে তাকে শেষ বিদায় জানান পরিবার ও স্থানীয়রা।
গত ১৯ নভেম্বর থেকে ‘নসিব’ সিনেমার শুটিংয়ে অংশ নিতে বগুড়ায় অবস্থান করছিলেন সোহেল খান। তার আকস্মিক মৃত্যুর খবরে সিনেমাটির শুটিং সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। ‘নসিব’ সিনেমার প্রযোজক আরশাদ আদনান বলেন, সোহেল খানের মৃত্যু চলচ্চিত্র ও নাট্যাঙ্গনসহ পুরো সাংস্কৃতিক অঙ্গনের জন্য অপূরণীয় ক্ষতি। তার কথায়, ‘আমরা মাটির মানুষ, মাটির কাছেই থাকতে চাই। সোহেল ভাইও মাটির মানুষ ছিলেন। তিনি (সোহেল খান) আমাদের সিনিয়র শিল্পী, বড় ভাই ছিলেন। আমরা তাকে অনেক সম্মান করতাম। আমরা তাকে অনেক মিস করব। শুধু আমার সিনেমা নয়, আমাদের চলচ্চিত্র ও নাট্যাঙ্গনসহ পুরো সাংস্কৃতিক অঙ্গনের জন্য তার চলে যাওয়া অপূরণীয় ক্ষতি।’
উল্লেখ্য, মোস্তফা সরয়ার ফারুকীর পরিচালনায় বাংলালিংকের একটি বিজ্ঞাপনচিত্রে অভিনয়ের মধ্য দিয়ে পর্দায় যাত্রা শুরু হয়েছিল সোহেল খানের। এরপর ফারুকীর আলোচিত রাজনৈতিক ব্যঙ্গধর্মী ধারাবাহিক নাটক ‘৪২০’-এ ‘বিশু’ চরিত্রে অভিনয় করে দর্শকের কাছে ব্যাপক পরিচিতি পান তিনি।
নাটক ও বিজ্ঞাপনের পাশাপাশি চলচ্চিত্রেও সাবলীল ও হাস্যরসাত্মক অভিনয়ে দর্শক মাতিয়েছেন এই শিল্পী। তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘দারুচিনি দ্বীপ’, ‘প্রজাপতি’, ‘দেশা : দ্য লিডার’, ‘কেমনে কী!’, ‘প্রিয় কমলা’, ‘শান’ ও ‘জংলি’।





