বাংলার চোখ নিউজ :
ভাই হারালেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা, পরিচালক ও প্রযোজক মনোয়ার হোসেন ডিপজল। বুধবার (১১ নভেম্বর) বেলা ১১টার দিকে সামাজিক মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে খবরটি তিনি নিজেই জানিয়েছেন।
সামাজিক মাধ্যমে এক আবেগঘন শোকবার্তায় ভাইয়ের মৃত্যুর খবর জানিয়ে ডিপজল লিখেছেন, ‘আমার অত্যন্ত আদরের মেজো ভাই আনোয়ার হোসেন আফজাল আর আমাদের মাঝে নেই। তার এই অকাল মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত ও মর্মাহত। ভাই, তোমার এই চলে যাওয়া কখনো পূরণ হওয়ার নয়। তোমার স্মৃতি ও ভালোবাসা হৃদয়ে চিরকাল অমলিন হয়ে থাকবে।’
এ সময় মরহুমের রুহের মাগফিরাত কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন ডিপজল। মহান আল্লাহর দরবারে তার প্রার্থনা, তিনি যেন তাকে ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।
তিনি লেখেন, ‘সবার কাছে আমার মেজো ভাইয়ের রুহের মাগফিরাতের জন্য দোয়া কামনা করছি। মহান আল্লাহ তাকে ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন।’
এর আগে গত ৯ নভেম্বর সামাজিক মাধ্যমে ভাইয়ের অসুস্থতার কথা জানিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন ডিপজল। মেজো ভাইয়ের একটি ছবি শেয়ার করে তিনি দেশবাসীর কাছে দ্রুত সুস্থতার জন্য দোয়া চেয়ে লিখেছিলেন, তার মেজো ভাই অত্যন্ত অসুস্থ। ওই পোস্টে ভক্ত-শুভাকাঙ্ক্ষীরাও সামাজিক মাধ্যমে তার ভাইয়ের সুস্থতা কামনা করেছিলেন।
কিন্তু শেষ পর্যন্ত সব শেষ হলো না ফেরার দেশের নিঃসঙ্গ যাত্রায়।





