মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

লোকসানের পরও কেন মেলানিয়াকে নিয়ে নতুন সিরিজ আনছে অ্যামাজন

বাংলার চোখ নিউজ :

সাবেক মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে ঘিরে নতুন সিরিজ প্রকাশের প্রস্তুতি নিচ্ছে অ্যামাজন প্রাইম ভিডিও। ‘মেলানিয়া: দ্য সিরিজ’ নামের দুই পর্বের এই সিরিজটি মুক্তি পাবে আগামী ২০ নভেম্বর। গত ৬ নভেম্বর প্রকাশ করা হয়েছে এর আনুষ্ঠানিক ট্রেলার।

তবে নতুন এই আয়োজন নিয়ে ইতোমধ্যে নানা প্রশ্ন উঠেছে। কারণ, মেলানিয়াকে কেন্দ্র করে নির্মিত আগের তথ্যচিত্রটি বক্স অফিসে প্রত্যাশা পূরণ করতে পারেনি। বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ওই প্রকল্প থেকে কয়েক মিলিয়ন ডলার লোকসান হয়েছে অ্যামাজনের। এমন পরিস্থিতিতেও কেন প্রতিষ্ঠানটি একই ব্যক্তিত্বকে নিয়ে নতুন সিরিজ নির্মাণে আগ্রহী, তা নিয়ে আলোচনা শুরু হয়েছে।

নতুন সিরিজটি মূলত ২০২৬ সালের ৩০ জানুয়ারি মুক্তি পাওয়া ‘মেলানিয়া’ তথ্যচিত্রের পরবর্তী অধ্যায়। ব্রেট র‌্যাটনার পরিচালিত ওই তথ্যচিত্রে ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের আগের ২০ দিনের ঘটনাপ্রবাহ তুলে ধরা হয়েছিল।

‘মেলানিয়া: দ্য সিরিজ’ নির্মাণে রয়েছে অ্যামাজন এমজিএম স্টুডিওস, মিউজ ফিল্মস, নিউ এলিমেন্ট মিডিয়া ও র‌্যাটপ্যাক এন্টারটেইনমেন্ট। দুই পর্বের এই আয়োজন দেখা যাবে অ্যামাজন প্রাইম ভিডিওতে।

প্রতিষ্ঠানটির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সিরিজটিতে মেলানিয়ার জীবনের এমন কিছু অজানা গল্প ও অভিজ্ঞতা তুলে ধরা হবে, যা আগে কখনো প্রকাশ্যে আসেনি। পাশাপাশি যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্টের অভিষেক-পরবর্তী সময়ের গুরুত্বপূর্ণ ঘটনাগুলোও স্থান পাবে এতে। এর মাধ্যমে দর্শকেরা মেলানিয়ার ব্যক্তিগত জীবন সম্পর্কে আরও বিস্তারিত জানার সুযোগ পাবেন।

শেয়ার করুন