বাংলার চোখ নিউজ :
গাজায় ইসরাইলের সামরিক অভিযান বন্ধ এবং দেশটির কাছে অস্ত্র বিক্রি স্থগিতের দাবিতে নেদারল্যান্ডসের আমস্টারডামে বিশাল বিক্ষোভ হয়েছে। রোববারের এ কর্মসূচিতে দুই লাখের বেশি মানুষ অংশ নিয়েছেন বলে জানিয়েছে আয়োজক সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের নেদারল্যান্ডস শাখা।
বিক্ষোভকারীরা মিছিল নিয়ে আমস্টারডামের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। এ সময় তাদের কণ্ঠে ‘মুক্ত করো, মুক্ত করো ফিলিস্তিন’ স্লোগান শোনা যায়। বিক্ষোভে অংশ নেওয়া মাইক ভ্যান ডঙ্গেন বার্তা সংস্থা এপিকে বলেন, গাজায় যা ঘটছে তা অমানবিক। তার মতে, পরিস্থিতি মোকাবিলায় নেদারল্যান্ডস সরকার কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে না। এমনকি গুরুতর ব্যবস্থা নেওয়ার সাহসও দেখাচ্ছে না সরকার। ফিলিস্তিনের স্বাস্থ্য কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, গাজায় ইসরাইলের হামলায় নিহতের সংখ্যা ৭৪ হাজার ৬৪৩ জনে পৌঁছেছে। আহত হয়েছেন ১ লাখ ৭৫ হাজার ৯৬২ জন। নিহতদের মধ্যে প্রায় ২২ হাজার শিশু রয়েছে। ধ্বংসস্তূপের নিচে এখনো নিখোঁজ রয়েছেন হাজারো মানুষ।
২০২৫ সালের ১১ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও গাজায় ১ হাজার ৬১৩ ফিলিস্তিনি নিহত এবং ৫ হাজার ৮৩৩ জন আহত হয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এদিকে মার্চ থেকে লেবাননে ইসরাইলের যুদ্ধে ৪ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)।
এ ছাড়া অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বিরুদ্ধে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ইসরাইলের অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা চেয়ে আইসিসির কৌঁসুলির আবেদন করার খবরও প্রকাশিত হয়েছে। গাজায় ইসরাইলের সামরিক অভিযানকে কেন্দ্র করে নেদারল্যান্ডসের সঙ্গে দেশটির কূটনৈতিক সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়েছে। অতিরিক্ত নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে মন্ত্রিসভার সমর্থন না পেয়ে গত বছর পররাষ্ট্রমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন ক্যাসপার ভেল্ডকাম্প।
এরপর গত সেপ্টেম্বরে নেদারল্যান্ডসের নতুন সংখ্যালঘু জোট সরকার অবৈধ ইসরাইলি বসতি থেকে পণ্য আমদানি নিষিদ্ধ করে। এর জবাবে নেদারল্যান্ডসের কূটনীতিকদের স্বীকৃতি প্রত্যাহার করে ইসরাইল। গত বছর রেড লাইন বিক্ষোভে অংশ নিয়েছিলেন নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী রব ইয়েটেন। তবে রোববারের কর্মসূচিতে তাকে দেখা যায়নি।
শুক্রবারের সাপ্তাহিক সংবাদ সম্মেলনে সরকারের ভূমিকার পক্ষে অবস্থান নিয়ে ইয়েটেন বলেন, গাজার ভয়াবহ পরিস্থিতি মোকাবিলায় প্রতিদিন ও প্রতি সপ্তাহেই সরকার যথাসাধ্য চেষ্টা করছে। গাজা নিয়ে করা চুক্তিগুলো মেনে চলতে ইসরাইলের ওপর রাজনৈতিক ও কূটনৈতিক চাপ আরও বাড়ানো হচ্ছে বলেও জানান তিনি।





