মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ব্যর্থ লিজিংয়ের দায় মেটাতে ১৪৪৯ কোটি টাকা চায় বাংলাদেশ ব্যাংক

বাংলার চোখ নিউজ :

দীর্ঘদিন ধরে সংকটে থাকা চারটি আর্থিক প্রতিষ্ঠানের সাধারণ আমানতকারী, সমবায় তহবিল, প্রভিডেন্ট ফান্ড ও বিভিন্ন ট্রাস্ট ফান্ডের অর্থ ফেরত দিতে সরকারের কাছে ১ হাজার ৪৪৯ কোটি ৫৮ লাখ টাকা অনুদান চেয়েছে বাংলাদেশ ব্যাংক। এসব প্রতিষ্ঠানের আমানতকারীদের ঋণের সঙ্গে আমানত সমন্বয়ের পর অবশিষ্ট মূলধন ফেরত দিতে এ অর্থ প্রয়োজন হবে।

এই চার প্রতিষ্ঠানের জন্য অর্থ পাওয়ার পর সমস্যাগ্রস্ত আরও পাঁচটি আর্থিক প্রতিষ্ঠানের জন্য ভবিষ্যতে আরও ১ হাজার ২৫৭ কোটি ৩ লাখ টাকা চাওয়া হবে। সব মিলিয়ে সংকটাপন্ন নয়টি আর্থিক প্রতিষ্ঠানের আমানত ফেরত দিতে দুই হাজার ৭০৬ কোটি ৬১ লাখ টাকা প্রয়োজন হতে পারে বলে প্রাক্কলন করেছে কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের ব্যাংক রেজল্যুশন বিভাগের পরিচালক ড. সৈয়দ নজরুল ইসলাম অর্থ বিভাগের সচিবের কাছে পাঠানো এক চিঠিতে এ অর্থ বরাদ্দের অনুরোধ জানিয়েছেন।

দেশের বিভিন্ন খাতে অর্থের প্রয়োজন থাকলেও ব্যবসায়িকভাবে ব্যর্থ কয়েকটি লিজিং কোম্পানিকে টিকিয়ে রাখতে সরকারি অর্থ ব্যয়ের উদ্যোগ নিয়ে প্রশ্ন তুলেছেন অর্থনীতিবিদরা। তারা বলছেন, যেসব খাতে অর্থের প্রয়োজন ও যথাযথ গুরুত্ব দেওয়া দরকার, সেসব খাত উপেক্ষা করে ব্যর্থ আর্থিক প্রতিষ্ঠানগুলোর পেছনে সরকারি অর্থ ব্যয়ের উদ্যোগ সরকারের অগ্রাধিকার নিয়ে প্রশ্ন তৈরি করছে।

তারা আরও বলেন, সরকারি অর্থ মূলত জনগণের টাকা। সেই অর্থ দিয়ে দুর্দশাগ্রস্ত প্রতিষ্ঠানকে সুরক্ষা দেওয়ার উদ্যোগ বাজারে ভুল সংকেত দিতে পারে।

বাংলাদেশ ব্যাংকের চিঠিতে যা আছে

বাংলাদেশ ব্যাংকের চিঠিতে বলা হয়েছে, ব্যাংক রেজল্যুশন অধ্যাদেশ, ২০২৫-এর ১৫ ধারা অনুযায়ী, বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদ সভায় দীর্ঘদিন ধরে সংকটাপন্ন অবস্থায় থাকা এবং কার্যকর হওয়ার সম্ভাবনা না থাকা ৯টি আর্থিক প্রতিষ্ঠানকে রেজল্যুশন প্রক্রিয়ার আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস, আভিভা ফাইন্যান্স কোম্পানি, এফএএস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট এবং ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টকে রেজল্যুশন প্রক্রিয়ার আওতায় আনা হয়েছে।

এসব প্রতিষ্ঠানের আমানতকারীদের অর্থ ফেরত দিতে বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদ ইতোমধ্যে একটি আমানত পরিশোধ কাঠামো বা পরিকল্পনা অনুমোদন করেছে। এতে ক্ষুদ্র আমানতকারীদের জন্য রাখা হয়েছে সর্বোচ্চ সুরক্ষার ব্যবস্থা। পরিকল্পনা অনুযায়ী, ১০ লাখ টাকা পর্যন্ত আমানতের শতভাগ ফেরত দেওয়া হবে। আমানতের পরিমাণ বাড়ার সঙ্গে সঙ্গে ধাপে ধাপে কম হারে ফেরত দেওয়া হবে অর্থ। তবে আমানতকারীদের পাওনা নির্ধারণের ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কাছে তাদের কোনো ঋণ থাকলে তা সমন্বয় করা হবে। ঋণ সমন্বয়ের পর পরিশোধ করা হবে অবশিষ্ট মূল আমানতের অর্থ।

বাংলাদেশ ব্যাংকের প্রাক্কলন অনুযায়ী, চারটি প্রতিষ্ঠানের আমানত ফেরত দিতে মোট ১ হাজার ৪৪৯ কোটি ৫৮ লাখ টাকা প্রয়োজন হবে। এর মধ্যে ব্যক্তি আমানতকারী, সমবায় তহবিল, প্রভিডেন্ট ফান্ড বা কর্মচারী কল্যাণ তহবিল এবং বিভিন্ন ট্রাস্ট ফান্ডের পাওনা অন্তর্ভুক্ত। চিঠিতে কেন্দ্রীয় ব্যাংক বলেছে, সরকারি অনুদানের অর্থ বাংলাদেশ ব্যাংকের ব্যাংক রিস্ট্রাকচারিং ফান্ডে জমা দেওয়ার জন্য প্রয়োজনীয় বরাদ্দ দিতে হবে। অর্থ বরাদ্দ করা হলে দীর্ঘদিন ধরে ভোগান্তিতে থাকা আমানতকারীদের দুর্দশা কমবে। একই সঙ্গে আর্থিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং এ খাতের প্রতি মানুষের আস্থা পুনরুদ্ধার সহজ হবে।

এর আগে ব্যাংক রেজল্যুশন অধ্যাদেশ, ২০২৫-এর ১৫ ধারা অনুযায়ী, দীর্ঘদিন ধরে সংকটাপন্ন অবস্থায় থাকা এবং কার্যকর হওয়ার সম্ভাবনা হারানো নয়টি আর্থিক প্রতিষ্ঠানকে রেজল্যুশন প্রক্রিয়ার আওতায় আনার উদ্যোগ নেয় বাংলাদেশ ব্যাংক। এর মধ্যে দ্রুত রেজল্যুশন কার্যক্রম শুরুর জন্য পাঁচটি প্রতিষ্ঠানকে চিহ্নিত করা হয়।

পাঁচটির মধ্যে পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস ছাড়া বাকি চারটি প্রতিষ্ঠানকে রেজল্যুশনের আওতায় আনা হয়েছে। প্রতিষ্ঠানগুলোতে প্রশাসক ও সহযোগী প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। তবে পিপলস লিজিংয়ের অবসায়নসংক্রান্ত মামলা চলমান থাকায় প্রতিষ্ঠানটিকে এখনো রেজল্যুশনের আওতায় আনা সম্ভব হয়নি। পিপলস লিজিংয়ের আমানতকারীদের অর্থ ফেরত দিতেও একই কাঠামো অনুসরণ করার পরিকল্পনা রয়েছে বাংলাদেশ ব্যাংকের। এ প্রতিষ্ঠানের আমানত পরিশোধে প্রয়োজন হবে আনুমানিক ৭১১ কোটি ৮৮ লাখ টাকা। এর মধ্যে ব্যক্তি আমানতকারীদের ৬১৭ কোটি ৮৪ লাখ, সমবায় তহবিলের ১৫ কোটি ৯২ লাখ, প্রভিডেন্ট ফান্ডের ৬৮ কোটি ২৯ লাখ এবং ট্রাস্ট ফান্ডের ৯ কোটি ৮৩ লাখ টাকা রয়েছে। আদালতের অনুকূল রায় পাওয়ার পর এ অর্থ বরাদ্দের বিষয়ে আলাদাভাবে সরকারের কাছে আবেদন করা হবে।

এদিকে আরও চারটি আর্থিক প্রতিষ্ঠানকে কার্যকর অবস্থায় ফিরিয়ে আনার জন্য তিন মাস সময় দিয়েছে বাংলাদেশ ব্যাংক। প্রতিষ্ঠানগুলো হলো- প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, জিএসপি ফাইন্যান্স কোম্পানি (বাংলাদেশ), বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি (বিআইএফসি) এবং প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স।

এসব প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের দেওয়া অঙ্গীকার এবং গভর্নরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভার সিদ্ধান্তের ভিত্তিতে তিন মাসের সময় দেওয়া হয়েছে। এ সময়ের মধ্যে জরুরি সংশোধনমূলক পদক্ষেপের মাধ্যমে প্রতিষ্ঠানগুলোকে কার্যকর অবস্থায় ফিরিয়ে আনার শর্ত রয়েছে।

বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী, এই চার প্রতিষ্ঠানের আমানত ফেরত দিতে প্রাক্কলিত প্রয়োজনীয় অর্থের পরিমাণ ৫৪৫ কোটি ১৫ লাখ টাকা। সব মিলিয়ে পিপলস লিজিং, রেজল্যুশনের আওতায় থাকা চারটি এবং শর্তসাপেক্ষে তিন মাস সময় পাওয়া চারটি প্রতিষ্ঠান- এই ৯টি আর্থিক প্রতিষ্ঠানের আমানত পরিশোধে সম্ভাব্য প্রয়োজনীয় অর্থের পরিমাণ দাঁড়িয়েছে ২ হাজার ৭০৬ কোটি ৬১ লাখ টাকা।

বাংলাদেশ ব্যাংক জানায়, আপাতত রেজল্যুশনের আওতায় আসা চারটি প্রতিষ্ঠানের আমানত পরিশোধের জন্য ১ হাজার ৪৪৯ কোটি ৫৮ লাখ টাকা বরাদ্দ চাওয়া হয়েছে। বাকি পাঁচটি প্রতিষ্ঠানের অর্থ পরিশোধের জন্য প্রয়োজনীয় বরাদ্দের বিষয়ে পরবর্তীসময়ে আলাদা চিঠি দেওয়া হবে।

কোন প্রতিষ্ঠানের জন্য কত টাকা চাওয়া হয়েছে

বাংলাদেশ ব্যাংকের চিঠিতে ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেসের জন্য ৫৫০ কোটি ৫৩ লাখ টাকা, আভিভা ফাইন্যান্স কোম্পানির জন্য ৭৪৪ কোটি ৮১ লাখ টাকা, এফএএস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের জন্য ৮৪ কোটি ৯০ লাখ টাকা এবং ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের জন্য ৬৯ কোটি ৩৪ লাখ টাকা চাওয়া হয়েছে।

এছাড়া প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের জন্য ৩৭৬ কোটি ৭৪ লাখ টাকা, জিএসপি ফাইন্যান্স কোম্পানির (বাংলাদেশ) জন্য ৫৮ কোটি ৮২ লাখ টাকা, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানির (বিআইএফসি) জন্য ৫১ কোটি ৮৭ লাখ এবং প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্সের জন্য ৫৭ কোটি ৭২ লাখ টাকা ভবিষ্যতে চাওয়া হতে পারে।

কোনো প্রতিষ্ঠান আমানতকারীদের কাছ থেকে অর্থ নিয়ে ব্যবসা করেছে, কিন্তু সেই ব্যবসা পরিচালনায় ব্যর্থ হয়েছে। স্বাভাবিকভাবে প্রতিষ্ঠানটির নিজস্ব সম্পদ থেকেই আমানতকারীদের অর্থ ফেরত দেওয়ার কথা। কিন্তু প্রতিষ্ঠান ব্যর্থ হওয়ার পর সরকার যদি আমানতকারীদের অর্থ পরিশোধ করে, তাহলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ওপর দায়ের চাপ কমে যায়। সরকারি অর্থ মূলত জনগণের টাকা। সেই অর্থ দিয়ে দুর্দশাগ্রস্ত প্রতিষ্ঠানকে সুরক্ষা দেওয়ার উদ্যোগ বাজারে ভুল সংকেত দিতে পারে।-ড. জাহিদ হোসেন

বাংলাদেশ ব্যাংকের এই উদ্যোগকে কীভাবে দেখছেন? এমন প্রশ্ন করা হলে বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের সাবেক মুখ্য অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন জাগো নিউজকে বলেন, ‘এ ধরনের উদ্যোগ আর্থিক খাতে ভুল বার্তা দিতে পারে। এতে প্রতিষ্ঠানগুলোর মধ্যে নৈতিক ঝুঁকি তৈরি হবে। পাশাপাশি সরকারি অর্থ ব্যয়ের অগ্রাধিকার নিয়েও প্রশ্ন উঠবে।’

তিনি বলেন, ‘কোনো প্রতিষ্ঠান আমানতকারীদের কাছ থেকে অর্থ নিয়ে ব্যবসা করেছে, কিন্তু সেই ব্যবসা পরিচালনায় ব্যর্থ হয়েছে। স্বাভাবিকভাবে প্রতিষ্ঠানটির নিজস্ব সম্পদ থেকেই আমানতকারীদের অর্থ ফেরত দেওয়ার কথা। কিন্তু প্রতিষ্ঠান ব্যর্থ হওয়ার পর সরকার যদি আমানতকারীদের অর্থ পরিশোধ করে, তাহলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ওপর দায়ের চাপ কমে যায়। সরকারি অর্থ মূলত জনগণের টাকা। সেই অর্থ দিয়ে দুর্দশাগ্রস্ত প্রতিষ্ঠানকে সুরক্ষা দেওয়ার উদ্যোগ বাজারে ভুল সংকেত দিতে পারে।’

এ ক্ষেত্রে প্রতিষ্ঠানগুলোকে কোনো ঋণও দেওয়া হচ্ছে না জানিয়ে বলেন, ‘বরং প্রতিষ্ঠান আমানতকারীদের টাকা ফেরত দিতে পারছে না বলে সরকার সেই দায় নিচ্ছে। অথচ এর পেছনে সুনির্দিষ্ট নিষ্পত্তি বা পুনরুদ্ধার পরিকল্পনা থাকা প্রয়োজন।’

জাহিদ হোসেনের মতে, এ ধরনের সহায়তা আর্থিক খাতে নৈতিক ঝুঁকি বাড়াবে। কারণ, একটি প্রতিষ্ঠান অতিরিক্ত ঝুঁকি নিয়ে লোকসানে পড়লেও শেষ পর্যন্ত সরকার আমানতকারীদের অর্থ পরিশোধ করবে, এমন প্রত্যাশা তৈরি হতে পারে। এতে লোকসানের দায় সরকার নেবে, অথচ মুনাফা হলে তা প্রতিষ্ঠানের কাছেই থাকবে। ফলে প্রতিষ্ঠানগুলোর জন্য একধরনের বিনামূল্যের বিমা সুরক্ষা তৈরি হবে। অন্য প্রতিষ্ঠানগুলোও ভবিষ্যতে অতিরিক্ত ঝুঁকি নিতে উৎসাহিত হতে পারে।

তিনি বলেন, ‘কোনো প্রতিষ্ঠান নিজস্ব সক্ষমতায় ব্যবসা পরিচালনা করতে না পারলে সরকারি সহায়তায় সেটিকে কত দিন টিকিয়ে রাখা হবে, তা বিবেচনা করা জরুরি। দীর্ঘদিন ধরে আমানতকারীদের অর্থ ফেরত দিতে ব্যর্থ প্রতিষ্ঠানগুলোকে বাঁচিয়ে রাখার প্রয়োজনীয়তা নিয়েও প্রশ্ন রয়েছে। সরকার লাইসেন্স দিয়েছে এবং সেই প্রতিষ্ঠানের ওপর আস্থা রেখে আমানতকারীরা অর্থ জমা রেখেছেন এটি সত্য। তবে আমানত জমা দেওয়ার আগে প্রতিষ্ঠানের আর্থিক সক্ষমতা ও নিরাপত্তা যাচাই করার দায়িত্বও আমানতকারীদের রয়েছে।’

সরকারি অর্থায়নের আরেকটি ঝুঁকির দিক তুলে ধরে জাহিদ হোসেন বলেন, ‘একটি প্রতিষ্ঠানকে এ ধরনের সহায়তা দেওয়া হলে অন্য দুর্দশাগ্রস্ত প্রতিষ্ঠানও একই দাবি তুলতে পারে। তারা প্রশ্ন করতে পারে, একটি প্রতিষ্ঠান সরকারি সহায়তা পেলে অন্যরা পাবে না কেন? এটি একধরনের ‘প্যান্ডোরার বাক্স’ খুলে দেওয়ার মতো পরিস্থিতি তৈরি করবে। এতে সরকারের ওপর আরও বড় আর্থিক দায় তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।’

এ বিষয়ে মন্তব্য জানতে জাগো নিউজের পক্ষ থেকে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক এবং মুখপাত্র আরিফ হোসেন খানের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হয়। তিনি প্রশ্ন লিখে তার হোয়াটসঅ্যাপে পাঠাতে বলেন। এরপর তার হোয়াটসঅ্যাপে প্রশ্ন লিখে পাঠানো হলেও কোনো উত্তর পাওয়া যায়নি।

শেয়ার করুন