মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

মানিকগঞ্জে দফায় দফায় ককটেল বিস্ফোরণ, বাসে আগুন

বাংলার চোখ নিউজ :

ককটেল বিস্ফোরণ, বাসে অগ্নিসংযোগ আর টায়ারে আগুন। সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত একের পর এক নাশকতামূলক ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে মানিকগঞ্জ।

এদিকে সন্ধ্যার পর থেকেই জেলার বিভিন্ন স্থানে দফায় দফায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে, বাসস্ট্যান্ড, বিভিন্ন রাজনৈতিক কার্যালয়, পুলিশ সুপারের বাসভবন, পাটুরিয়া পুলিশ ফাঁড়ি ও ঘিওর বাসস্ট্যান্ডের সামনেও বিস্ফোরণ ঘটানো হয়। পাশাপাশি কয়েকটি স্থানে টায়ারে আগুন দেওয়ার ঘটনাও ঘটে। এতে রাতভর সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়ে। এসব ঘটনার পর নাশকতাকারীদের খুঁজতে মাঠে নামে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রাতভর জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সন্দেহভাজন ১০ জনকে আটক করা হয়। তাদের মধ্যে সদর থানা পুলিশ ছয়জন, জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) দুজন, সিংগাইর থানা পুলিশ একজন এবং দৌলতপুর থানা পুলিশ একজনকে আটক করে। তবে তাদের নাম-পরিচয় প্রকাশ করেনি পুলিশ।

পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম নাশকতার বিষয়গুলো গণমাধ্যমকে নিশ্চিত করে বলেন, জেলার বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, বাসে অগ্নিসংযোগসহ নাশকতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অভিযোগে ১০ জনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

শেয়ার করুন