মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

পটিয়ায় অন্তঃসত্ত্বা গৃহবধূ হত্যায় স্বামী-ননদ গ্রেফতার

দৈনিক বাংলার চোখ :

চট্টগ্রামের পটিয়ায় নয় মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূ তানিয়া কামাল নিহাতকে (২০) ‘শ্বাসরোধে হত্যার’ ঘটনায় তার স্বামী ও ননদকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় গ্রেফতার স্বামী মো. নুরু উদ্দিন (২৩) আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

মঙ্গলবার (২৭ অক্টোবর) পটিয়া থানা-পুলিশের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

গ্রেফতার অন্য আসামি হলেন জোৎস্না আক্তার (২৮)। তিনি নিহতের ননদ। পারিবারিক কলহের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে পুলিশের প্রাথমিক বিবরণে উল্লেখ করা হয়েছে।

পুলিশ জানায়, সোমবার (২৬ অক্টোবর) দিনগত রাত সাড়ে ৩টার দিকে পটিয়া উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চরকানাই এলাকার মোনাফ হাজীর পাড়ায় স্বামীর বসতঘরের শয়নকক্ষে তানিয়াকে শ্বাসরোধে হত্যার ঘটনা ঘটে। এ ঘটনায় তার স্বামী নুরু উদ্দিন, ননদ জোৎস্না আক্তার, ননদের স্বামী মো. খোকনসহ অজ্ঞাতপরিচয় আরও দুই থেকে তিনজন জড়িত বলে অভিযোগ করা হয়েছে।

ঘটনার খবর পেয়ে পটিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে সোমবার সকাল সাড়ে ৭টার দিকে নুরু উদ্দিন ও জোৎস্না আক্তারকে গ্রেফতার করে, পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এ ঘটনায় নিহতের পক্ষ থেকে এজাহার পাওয়ার পর পটিয়া থানায় ৩০২/৩৪ ধারায় মামলা করা হয়েছে।

গ্রেফতার দুজনকে আদালতে হাজির করা হলে নুরু উদ্দিন ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এ ঘটনায় জড়িত পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

শেয়ার করুন