মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

৮ হাজার ২৫০ টন চিটাগুড় নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে এমভি হাই-হং

দৈনিক বাংলার চোখ :

ইন্দোনেশিয়ার প্রবোলিঙ্গ বন্দর থেকে ৮ হাজার ২৫০ টন মোলাসেস/চিটাগুড় নিয়ে মোংলা বন্দর জেটিতে ভিড়েছে বিদেশি জাহাজ এম ভি হাই-হং। মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে বন্দরের ৯ নম্বর জেটিতে ভিড়ে।

বিদেশি এ জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট স্টারপাত সি ট্রেড লিমিটেডের নির্বাহী পরিচালক নাবিল ইসলাম জানান, পানামা পতাকাবাহী বিদেশি বাণিজ্যিক জাহাজ এম ভি হাই-হং ইন্দোনেশিয়ার প্রবোলিঙ্গ বন্দর থেকে ৮ হাজার ২৫০ টন মোলাসেস/চিটাগুড় নিয়ে মঙ্গলবার দুপুরে মোংলা বন্দর জেটিতে ভিড়েছে। বিকেল থেকে লাইটার করে এ পণ্য ট্যাংকে রিজার্ভ করা হচ্ছে। এরপর মোংলা থেকে ট্রেনে করে যাবে দেশের উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকায়। এটি মোলাসেসের চতুর্থ চালান। বিদেশ থেকে ২০২৪ সাল থেকে সরাসরি মোংলা বন্দরে আসছে মোলাসেস। গোখাদ্যের উপকরণ হিসেবে মোলাসেসের/চিটাগুড়ের উত্তরবঙ্গ জুড়ে ব্যাপক চাহিদা রয়েছে। দেশে আখ কল থাকলেও মূলত বিদেশ থেকে আমদানি করতে হচ্ছে এ চিটাগুড়।

তিনি আরও বলেন, নাব্যতা সংকটের কারণে মোংলা বন্দরে বড় জাহাজ আনা সম্ভব হচ্ছে না। তাই অনেক দিন দেরি করে ছোট আকারের জাহাজ ম্যানেজ করে এই মোলাসেস আনতে হয়েছে। ড্রেজিং করে নাব্যতা বৃদ্ধি ও সংরক্ষণ করা গেলে আমরা বড় বড় জাহাজ এ বন্দরে আনতে পারবো।

শেয়ার করুন