দৈনিক বাংলার চোখ :
বিসিবির নতুন ঘরোয়া টুর্নামেন্ট ডমেস্টিক থ্রি (ডি থ্রি) ট্রফির প্রথম আসর শুরু হচ্ছে আগামী ১৫ ডিসেম্বর। তার আগে আজ অনুষ্ঠিত হচ্ছে ক্রিকেটারদের নিলাম। পাঁচ ক্যাটাগরিতে ভাগ করা ২৮১ ক্রিকেটারের তালিকা থেকে ২৭৫ জনকে দলে নেওয়ার সুযোগ পাচ্ছে ছয় ফ্র্যাঞ্চাইজি।
প্রচলিত নিলামে খেলোয়াড় দলে নিতে অর্থের অঙ্কই বড় বিষয়। তবে ডি থ্রি ট্রফিতে সেই হিসাব হচ্ছে ভিন্নভাবে। এখানে ক্রিকেটার কেনাবেচার লড়াইয়ে মুদ্রার বদলে ব্যবহৃত হচ্ছে পয়েন্ট।আর সেই পয়েন্টের লড়াইয়ে এখন পর্যন্ত সবচেয়ে বেশি দর উঠেছে তানজিদ হাসান তামিমের জন্য। ২ কোটি পয়েন্ট খরচ করে এই ওপেনারকে দলে নিয়েছে ফরচুন।
নিলামের শুরুতেই বড় অঙ্কের দর পেয়েছেন শেখ মেহেদী হাসান। তাকে দলে পেতে ১ কোটি ৫০ লাখ পয়েন্ট খরচ করেছে এইস ব্লুস্টার। বাঁহাতি ওপেনার সৌম্য সরকারকে নিয়ে ওয়ালটন ও ফরচুনের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হলেও শেষ পর্যন্ত ৭৫ লাখ পয়েন্টে তাকে পেয়েছে ফরচুন।
দলের ব্যাটিং শক্তি বাড়াতে ফরচুনের পছন্দের তালিকায় ছিলেন নাজমুল হোসেন শান্তও। ১ কোটি ৬০ লাখ পয়েন্টে জাতীয় দলের এই ব্যাটারকে দলে ভিড়িয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। ফলে তানজিদের পাশাপাশি শান্তকেও নিজেদের দলে পেয়েছে তারা।
বিগ ব্যাশে ব্যস্ততার কারণে ডি থ্রি ট্রফির টি-টোয়েন্টি পর্বে খেলতে পারবেন না রিশাদ হোসেন। তবে টুর্নামেন্টে না খেললেও নিলামে তার প্রতি আগ্রহ দেখিয়েছে ফরচুন। ৬০ লাখ পয়েন্টে লেগ স্পিনারকে দলে নিয়েছে তারা। বিগ ব্যাশে খেলার অনুমতি পাওয়ায় মোস্তাফিজুর রহমানের ক্ষেত্রেও দর তুলনামূলক কম থাকবে বলে ধারণা করা হচ্ছিল। শেষ পর্যন্ত ৭০ লাখ পয়েন্টে এই পেসারকে দলে নিয়েছে সেভেন রিংস সিমেন্ট।
ছয় দলের এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে অ্যাকমি, ফরচুন, ওয়ালটন, সেভেন রিংস সিমেন্ট, সিটিজেনস ব্যাংক ও ব্লুস্টার। নিলামের বাইরে আইকন ক্রিকেটার হিসেবে আগেই দল পেয়েছেন ছয়জন। ব্লুস্টারের হয়ে খেলবেন নুরুল হাসান সোহান, ফরচুনে তাওহিদ হৃদয়, অ্যাকমিতে মোসাদ্দেক হোসেন সৈকত, সিটিজেনস ব্যাংকে মোহাম্মদ নাঈম শেখ, সেভেন রিংস সিমেন্টে মুশফিকুর রহিম এবং ওয়ালটনে মেহেদী হাসান মিরাজ।
সব মিলিয়ে ২৮১ ক্রিকেটারের তালিকা থেকে আইকন ছয়জনকে বাদ দিয়ে বাকি ২৭৫ জনকে নিয়ে চলছে নিলামের কার্যক্রম। ডিসেম্বরে শুরু হতে যাওয়া টুর্নামেন্টে দলগুলো পয়েন্ট খরচ করে নিজেদের পছন্দের ক্রিকেটারদের নিয়ে স্কোয়াড সাজাচ্ছে।





