দৈনিক বাংলার চোখ :
একের পর এক হুমকি দিয়েও ইরানকে চাপে ফেলতে পারছেন না যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
তেহরানকে চুক্তিতে রাজি করাতে এবার নতুন করে সামরিক হামলার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। সমঝোতা না হলে রোববারই ইরানে হামলা চালানোর সিদ্ধান্ত নিতে পারে ওয়াশিংটন।
গত শনিবার (২৪ অক্টোবর) সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ইরানে হামলার নতুন হুমকি দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
তিনি বলেন, রোববারই হামলার সিদ্ধান্ত নেওয়া হতে পারে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে কি না, তা স্পষ্ট করেননি তিনি। হামলার পরিকল্পনা আগেভাগে জানানো হবে কি না, এমন প্রশ্নের জবাবও এড়িয়ে যান ট্রাম্প।
অন্যদিকে, ট্রাম্পের দাবি, ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে চায়। সমঝোতায় পৌঁছালে নতুন করে হামলা এড়ানোর সুযোগ রয়েছে বলেও জানান তিনি।
তবে, আলোচনার কথা বলার পাশাপাশি হামলার হুমকি দিয়ে তেহরানের ওপর চাপ বাড়াচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট।
এদিকে, ইরানের পরমাণু অস্ত্র তৈরি ঠেকানোই নিজের অন্যতম লক্ষ্য বলে উল্লেখ করেন ট্রাম্প। তার ভাষ্য, বি-২ বোমারু বিমান দিয়েও সেই লক্ষ্য নিশ্চিত করা সম্ভব হয়নি। তাই এবার বিষয়টি স্থায়ীভাবে সমাধান করতে চান তিনি। এছাড়া, যুদ্ধ শুরুর আগের সময়ের তুলনায় এখন হরমুজ প্রণালি দিয়ে বেশি তেল পরিবহন হচ্ছে বলে দাবি করেন ট্রাম্প। তবে, এ দাবির পক্ষে কোনো পরিসংখ্যান দেননি তিনি।
একই সঙ্গে, ইরানের বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ কী হবে, সে বিষয়েও চূড়ান্ত সিদ্ধান্ত জানাননি মার্কিন প্রেসিডেন্ট।ইরানের সঙ্গে সংঘাত পুরোপুরি শেষ করতে যুক্তরাষ্ট্রকে আরও সামরিক পদক্ষেপ নিতে হতে পারে, আবার দুই পক্ষের মধ্যে চুক্তিও হতে পারে। তবে, যে কোনো পরিস্থিতিতেই যুক্তরাষ্ট্র জয়ী হবে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।




