বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ পিএসএল নিলামে উঠবেন ৫০ বাংলাদেশি, কখন কোথায় দেখবেন?

আজ পিএসএল নিলামে উঠবেন ৫০ বাংলাদেশি, কখন কোথায় দেখবেন?

পাকিস্তান সুপার লিগ নতুন পথে হাঁটছে। প্রথমবারের মতো ড্রাফট পদ্ধতি বাদ দিয়ে নিলামের মাধ্যমে দল গঠন হবে। পিএসএলের ইতিহাসের প্রথম নিলাম বসছে ১১ ফেব্রুয়ারি।

এই নিলাম ঘিরে ভক্তদের আগ্রহ তুঙ্গে। বিশেষ করে বাংলাদেশের দর্শকদের আগ্রহ বেশি। কারণ এবার নিলামে নাম লিখিয়েছেন ৫০ জন বাংলাদেশি ক্রিকেটার। এরই মধ্যে লাহোর কালান্দার্স সরাসরি চুক্তিতে মুস্তাফিজুর রহমানকে দলে নিয়েছে। তার মূল্য ধরা হয়েছে ৬ কোটি ৪৪ লাখ পাকিস্তানি রুপি।

এবারের আসরে নতুন করে যুক্ত হয়েছে হায়দরাবাদ ও শিয়ালকোট। ফলে পিএসএল এখন আট দলের টুর্নামেন্ট। প্রতিটি দল আগে থেকেই চারজন করে খেলোয়াড় ধরে রাখতে পেরেছে। প্লাটিনাম, ডায়মন্ড, গোল্ড ও সিলভার ক্যাটাগরি থেকে একজন করে রাখা হয়েছে। বাকি দল গড়া হবে নিলামের মাধ্যমে।

দল গঠনের নিয়মও নির্দিষ্ট। প্রতিটি দলে থাকতে হবে কমপক্ষে ১৬ জন এবং সর্বোচ্চ ২০ জন খেলোয়াড়। বিদেশি ক্রিকেটার হতে পারবেন কমপক্ষে ৫ জন এবং সর্বোচ্চ ৭ জন। প্রতিটি স্কোয়াডে অন্তত দুইজন অনূর্ধ্ব-২৩ আনক্যাপড খেলোয়াড় থাকতে হবে। প্রতি ম্যাচে তাদের মধ্যে অন্তত একজনকে একাদশে খেলাতে হবে।

পিএসএল ২০২৬ নিলাম শুরু হবে স্থানীয় সময় সকাল ১১টা ৩০ মিনিটে। বাংলাদেশ সময় দুপুর ১২টায় নিলাম শুরু হবে। নিলাম সরাসরি দেখা যাবে পিএসএলের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের অফিসিয়াল ইউটিউব পেজেও লাইভ সম্প্রচার থাকবে।

বাংলাদেশি ক্রিকেটাররা বিভিন্ন বেস প্রাইসে নিলামে আছেন।

২ কোটি ২ লাখ রুপির ক্যাটাগরিতে আছেন জাকির হাসান, সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম।

১ কোটি ১০ লাখ রুপির তালিকায় আছেন রিশাদ হোসেন, হাসান মাহমুদ, জিশান আলম, লিটন দাস, মাহফুজুর রহমান রাব্বি, মাহমুদুল হাসান জয়, নাহিদ রানা, তানভীর ইসলাম, মেহেদী হাসান মিরাজ, মোসাদ্দেক হোসেন, নাজমুল হোসেন শান্ত, পারভেজ হোসেন ইমন, নুরুল হাসান সোহান, রিপন মন্ডল, শেখ মেহেদী হাসান, শামীম পাটোয়ারী, শরিফুল ইসলাম, তাইজুল ইসলাম, তানজিদ হাসান তামিম, তাসকিন আহমেদ, তৌহিদ হৃদয়, ইয়াসির আলী।

৬০ লাখ রুপি ভিত্তি মূল্যের তালিকায় আছেন আবদুল গাফ্ফার সাকলাইন, আবু হায়দার রনি, আফিফ হোসেন, আহরার আমিন, আকবর আলী, আলিস আল ইসলাম, আরিফুল ইসলাম (লেগস্পিন), আরিফুল ইসলাম (অফস্পিন), জাকের আলী, খালেদ আহমেদ, মাহিদুল ইসলাম অংকন, নাসির হোসেন, সাব্বির রহমান, মৃত্যুঞ্জয় চৌধুরী, নাঈম শেখ, সাইফউদ্দিন, মুকিদুল ইসলাম, নাসুম আহমেদ, নাঈম হাসান, রকিবুল হাসান, রনি তালুকদার, সাইফ হাসান, শহিদুল ইসলাম, সৌম্য সরকার, তানজিম হাসান সাকিব।

শেয়ার করুন