যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ধারাবাহিক হুমকির প্রেক্ষাপটে কঠোর প্রতিক্রিয়া জানিয়েছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। তিনি বলেছেন, দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষার প্রয়োজনে প্রয়োজন হলে নিজ হাতে অস্ত্র তুলে নিতেও তিনি প্রস্তুত।
সোমবার (৫ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বক্তব্যে পেত্রো এই মন্তব্য করেন। একসময় সশস্ত্র আন্দোলনের সঙ্গে যুক্ত থাকা কলম্বিয়ার এই প্রেসিডেন্ট জানান, ভেনেজুয়েলার মতো পরিস্থিতি যদি কলম্বিয়ার ওপর চাপিয়ে দেওয়া হয় কিংবা যুক্তরাষ্ট্র যদি সহিংস কোনো পদক্ষেপ নেয়, তবে তার জবাব দেওয়া হবে।
পেত্রো বলেন, তিনি একসময় প্রতিজ্ঞা করেছিলেন আর কখনো অস্ত্র ধরবেন না। তবে দেশের স্বাধীনতা ও জনগণের নিরাপত্তা হুমকির মুখে পড়লে সেই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে তিনি বাধ্য হবেন। তার ভাষায়, দেশের প্রয়োজনে আবারও অস্ত্র হাতে নিতে তিনি প্রস্তুত।
গুস্তাভো পেত্রো দীর্ঘদিন ধরেই ডোনাল্ড ট্রাম্পের কট্টর সমালোচক হিসেবে পরিচিত। ট্রাম্প বারবার অভিযোগ করে আসছেন, কলম্বিয়ায় রাষ্ট্রীয় মদদে মাদক উৎপাদন হয় এবং সেগুলো যুক্তরাষ্ট্রে পাচার করা হয়। এই অভিযোগকে কেন্দ্র করে অতীতেও কলম্বিয়ার বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার হুমকি দিয়েছেন ট্রাম্প।
দুই নেতার মধ্যে দীর্ঘদিন ধরে বাকযুদ্ধ চললেও সাম্প্রতিক সময়ে ট্রাম্পের বক্তব্য আরও আক্রমণাত্মক হয়ে উঠেছে বলে মনে করা হচ্ছে। বিশেষ করে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার ঘটনার পর কলম্বিয়ার প্রেসিডেন্টকেও ব্যক্তিগতভাবে সতর্ক করে দেন ট্রাম্প।
এক বক্তব্যে ট্রাম্প দাবি করেন, কলম্বিয়া একটি ‘অসুস্থ রাষ্ট্র’, যা একজন ‘অসুস্থ মানসিকতার ব্যক্তি’ পরিচালনা করছেন। তিনি আরও অভিযোগ করেন, পেত্রো কোকেন উৎপাদন ও তা যুক্তরাষ্ট্রে সরবরাহে আগ্রহী, যদিও এই পরিস্থিতি দীর্ঘস্থায়ী হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।
এই পরিস্থিতিতে নিজের জনগণের প্রতি আস্থা প্রকাশ করে গুস্তাভো পেত্রো বলেন, কলম্বিয়ার সাধারণ মানুষের ওপর তার পূর্ণ বিশ্বাস রয়েছে। তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানান, প্রেসিডেন্টের বিরুদ্ধে যেকোনো ধরনের অবৈধ বা সহিংস ষড়যন্ত্র প্রতিহত করতে সবাই যেন ঐক্যবদ্ধভাবে দেশ ও রাষ্ট্রপ্রধানকে রক্ষা করেন।





