রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

গুলি চালিয়ে ইরান যুদ্ধ থেকে ‘বিরত’ রাখা যাবে না: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন যে হোয়াইট হাউস করেসপনডেন্টস অ্যাসোসিয়েশনের নৈশভোজে বন্দুক হামলার ঘটনা তাকে ইরান যুদ্ধ থেকে বিচ্যুত করতে পারবে না।

শনিবার (২৫ এপ্রিল) রাতের ওই ঘটনার পর এক প্রতিক্রিয়ায় তিনি জানান, এই হামলা ইরান সংঘাতের সঙ্গে সম্পর্কিত হওয়ার সম্ভাবনা কম।

ওয়াশিংটন হিলটন হোটেলে আয়োজিত বার্ষিক এই অনুষ্ঠানে হামলা চলাকালীন ট্রাম্পসহ প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, এই ঘটনা আমাকে ইরান যুদ্ধে জয়ী হওয়া থেকে বিরত রাখতে পারবে না।

হামলার উদ্দেশ্য সম্পর্কে তিনি আরও বলেন, তদন্তে এখন পর্যন্ত যা জানা গেছে, তাতে মনে হয় না এর সাথে যুদ্ধের কোনো সম্পর্ক আছে। তবে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।

উল্লেখ্য, হামলার কয়েক ঘণ্টা আগেই ইরান সরকারের সঙ্গে শান্তি আলোচনা স্থগিত করেছিলেন ট্রাম্প। তিনি জানিয়েছিলেন, তেহরান চাইলে আলোচনার জন্য সরাসরি যোগাযোগ করতে পারে।

সূত্র: মিডলইস্ট আই।

শেয়ার করুন