রবিবার, ১ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

রাষ্ট্রদ্রোহ মামলায় শেখ হাসিনাসহ ২৮৬ আসামির অভিযোগ গঠন শুনানি ২১ জানুয়ারি

জয় বাংলা ব্রিগেড’-এর একটি জুম মিটিংয়ে অংশ নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার উৎখাত ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে যুক্ত থাকার অভিযোগে করা রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি পিছিয়ে আগামী ২১ জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত।

সোমবার ঢাকার বিশেষ জজ আদালত-৯ এর বিচারক আব্দুস সালাম এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেন আইনজীবী অ্যাডভোকেট মোরশেদ হোসেন শাহীন।

আদালত সূত্র জানায়, মামলাটিতে কারাগারে থাকা ২৫ জন আসামিকে এদিন আদালতে হাজির করা হয়। একই সঙ্গে আল মারুফ নামে আরেক আসামিকে গ্রেপ্তার দেখানো হয়। তবে এ কে এম আক্তারুজ্জামান নামের এক আসামিকে আদালতে হাজির করা না হওয়ায় অভিযোগ গঠন শুনানি পিছিয়ে দেওয়া হয়।

এর আগে গত বছরের ২৭ মার্চ শেখ হাসিনাসহ ৭৩ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলাটি দায়ের করেন সিআইডির সহকারী পুলিশ সুপার মো. এনামুল হক। তদন্ত শেষে একই বছরের ৩০ জুলাই শেখ হাসিনাসহ মোট ২৮৬ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।

পরবর্তীতে ১৪ আগস্ট অভিযোগপত্র গ্রহণ করে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। এরপর গত ১১ সেপ্টেম্বর আসামিদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়। ১৪ অক্টোবর পলাতক ২৫৬ জন আসামিকে আদালতে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেওয়া হয়।

বিচার কার্যক্রমের জন্য প্রস্তুত হওয়ায় গত ১১ নভেম্বর মামলাটি ঢাকার সিএমএম আদালত থেকে মহানগর দায়রা জজ আদালতে স্থানান্তর করা হয়।

মামলার অভিযোগে উল্লেখ করা হয়, গত বছরের ১৯ ডিসেম্বর যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ-সভাপতি ড. রাব্বী আলমের নেতৃত্বে ‘জয় বাংলা ব্রিগেড’-এর একটি জুম মিটিং অনুষ্ঠিত হয়। ওই ভার্চুয়াল বৈঠকে শেখ হাসিনাসহ কয়েক শতাধিক নেতাকর্মী অংশ নেন। সেখানে শেখ হাসিনা রাষ্ট্রবিরোধী বক্তব্য দেন এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূসকে উৎখাতের নির্দেশ দেন বলে অভিযোগে বলা হয়। ওই বক্তব্য পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

শেয়ার করুন