ফরিদপুর-৪ সংসদীয় আসনের সীমানা পূর্বের অবস্থায় পুনর্বহাল করে গেজেট প্রকাশের নির্দেশ সংক্রান্ত হাইকোর্টের রায় বহাল রেখেছেন দেশের সর্বোচ্চ আদালত আপিল বিভাগ। এর ফলে নির্বাচন কমিশনের জারি করা সংশোধিত প্রজ্ঞাপন কার্যত বাতিলই রইল।
সোমবার (৫ জানুয়ারি) প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বে গঠিত আপিল বিভাগের একটি বেঞ্চ এ সংক্রান্ত আদেশ প্রদান করেন। মামলার রিট আবেদনকারীদের পক্ষে শুনানিতে অংশ নেওয়া আইনজীবী ব্যারিস্টার হুমায়ন কবির গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গত ১১ ডিসেম্বর হাইকোর্ট এক রায়ে ফরিদপুর-৪ সংসদীয় আসনের অন্তর্ভুক্ত ভাঙ্গা উপজেলা থেকে আলগি ও হামিরদি ইউনিয়নকে আলাদা করে ফরিদপুর-২ আসনের নগকান্দা উপজেলার সঙ্গে যুক্ত করার বিষয়ে নির্বাচন কমিশনের প্রকাশিত প্রজ্ঞাপনকে অবৈধ ঘোষণা করেন। ওইদিন আদালতে রিট আবেদনকারীদের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেন ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ন কবির পল্লব।
প্রসঙ্গত, গত ২২ সেপ্টেম্বর ফরিদপুর-৪ আসনের সীমানা পুনর্নির্ধারণ সংক্রান্ত নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বৈধতা নিয়ে হাইকোর্ট রুল জারি করেন। রুলে জানতে চাওয়া হয়, ভাঙ্গা উপজেলার আলগি ও হামিরদি ইউনিয়নকে ফরিদপুর-২ আসনের নগকান্দা উপজেলার সঙ্গে সংযুক্ত করে জারি করা প্রজ্ঞাপন কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করা হবে না।
এই রিটটি দায়ের করেন ফরিদপুর-৪ সংসদীয় আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী মো. শহিদুল ইসলাম বাবুল, সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহবুবুর রহমান দুলালসহ মোট পাঁচজন আবেদনকারী। তাদের দাবি ছিল, আসন সীমানা পরিবর্তনের ক্ষেত্রে নির্বাচন কমিশন যথাযথ আইন ও নীতিমালা অনুসরণ করেনি।





