সাম্প্রতিক নানা ঘটনায় আলোচনায় থাকা মাওলানা আতাউর রহমান বিক্রমপুরীকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
বুধবার (২৪ ডিসেম্বর) ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার তালেবুর রহমান জানান, গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) আবেদনের পর আতাউর রহমানকে গ্রেফতার করা হয় এবং পরে তাকে জিএমপির কাছে হস্তান্তর করা হয়েছে।
তিনি বলেন, আতাউর রহমান বিক্রমপুরীর বিরুদ্ধে তিন মাসের ডিটেনশন আদেশ রয়েছে। সেই আদেশ কার্যকরের জন্য জিএমপি ডিএমপির সহায়তা চেয়েছিল। ওই অনুরোধের ভিত্তিতেই মঙ্গলবার রাতে তাকে গ্রেফতার করা হয়।
পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ তাকে আটক করে টঙ্গী পূর্ব থানায় হস্তান্তর করে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করার পর টঙ্গী পূর্ব থানা থেকে তাকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।
এদিকে মঙ্গলবার রাত থেকেই আতাউর রহমান বিক্রমপুরীর গ্রেফতার নিয়ে তার অনুসারী ও সমর্থকদের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়। ফেসবুকে বিভিন্ন পোস্টে তারা দাবি করেন, ভৈরব থেকে বাসে করে ঢাকায় আসার সময় বাস থামিয়ে তাকে একটি মাইক্রোবাসে তুলে নেওয়া হয়।





