সোমবার, ২ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

চানখারপুল হত্যা মামলা: রায় ২০ জানুয়ারি

চানখারপুলে আনাসসহ ছয়জনকে হত্যার ঘটনায় দায়ের করা মামলার রায় আগামী ২০ জানুয়ারি ঘোষণা করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বুধবার (২৪ ডিসেম্বর) ট্রাইব্যুনাল এই দিন নির্ধারণ করেন।

মামলাটিতে বর্তমানে চারজন আসামি গ্রেফতার রয়েছেন। তারা হলেন—শাহবাগ থানার সাবেক ওসি (অপারেশন) মো. আরশাদ হোসেন, কনস্টেবল মো. সুজন মিয়া, মো. ইমাজ হোসেন ইমন এবং মো. নাসিরুল ইসলাম।

এ ছাড়া মামলার আরও চার আসামি পলাতক রয়েছেন। তারা হলেন সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপ-কমিশনার শাহ আলম মো. আখতারুল ইসলাম এবং একই অঞ্চলের সাবেক সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুল।

এর আগে গত ১৪ জুলাই পলাতক চার আসামিসহ মোট আটজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট চানখারপুল এলাকায় শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনের সময় পুলিশ গুলি চালায়। এতে শাহরিয়ার খান আনাস, শেখ জুনায়েদ, মো. ইয়াকুব, মো. রাকিব হাওলাদার, মো. ইসমামুল হক ও মানিক মিয়া শাহরিক নিহত হন। ওই ঘটনায় একাধিক ব্যক্তি আহত হন বলেও মামলায় উল্লেখ করা হয়েছে।

শেয়ার করুন