শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে ফরমাল চার্জ গঠন

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মঙ্গলবার (২৩ ডিসেম্বর) র‍্যাবের টিএফআই সেলে গুম ও নির্যাতনের অভিযোগে দায়ের হওয়া মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আদেশ দিয়েছেন। মামলায় আসামি হিসেবে থাকা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ১২ সাবেক ও বর্তমান সেনা কর্মকর্তাসহ মোট ১৭ জনের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরু হয়েছে। এদিন আসামিপক্ষের করা অব্যাহতির আবেদনও ট্রাইব্যুনাল খারিজ করেন।

ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে গঠিত তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক প্যানেলের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

রাষ্ট্রপক্ষের শুনানিতে উপস্থিত ছিলেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, প্রসিকিউটরগণ গাজী এম এইচ তামিম, মোহাম্মদ মিজানুল ইসলাম ও ব্যারিস্টার শাইখ মাহদী। গ্রেফতার ১০ আসামির পক্ষে শুনানি করেন ব্যারিস্টার হামিদুল মিসবাহ, ব্যারিস্টার তবারক হোসেন ভুইয়া ও সিনিয়র অ্যাডভোকেট মনসুরুল হক চৌধুরী। পলাতক সাত আসামির পক্ষে রাষ্ট্রীয় খরচে নিযুক্ত আইনজীবী হিসেবে উপস্থিত ছিলেন এম হাসান ইমাম, সুজাদ মিয়া ও মো. আমির হোসেন।

মামলার ১৭ আসামির মধ্যে ১০ জন গ্রেফতার রয়েছেন। এদিন সকালে তারা ঢাকা সেনানিবাসের বিশেষ কারাগার থেকে কড়া নিরাপত্তার মধ্যে বাংলাদেশ প্রিজন ভ্যানে করে ট্রাইব্যুনালে হাজির হন। গ্রেফতার আসামিরা হলেন: কর্নেল আনোয়ার লতিফ খান, কর্নেল মো. জাহাঙ্গীর আলম, কর্নেল তোফায়েল মোস্তফা সারোয়ার, কর্নেল কে এম আজাদ, কর্নেল মো. কামরুল হাসান, কর্নেল মো. মাহাবুব আলম, কর্নেল মোহাম্মাদ আব্দুল্লাহ আল মোমেন, লেফটেন্যান্ট কর্নেল মো. সারোয়ার বিন কাশেম, লেফটেন্যান্ট কর্নেল মো. মশিউর রহমান জুয়েল ও লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম সুমন।

পলাতক সাত আসামি হলেন: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, শেখ হাসিনার নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিকী, সাবেক আইজিপি বেনজীর আহমেদ, সাবেক অতিরিক্ত আইজিপি এম খুরশিদ হোসেন, সাবেক অতিরিক্ত আইজিপি মো. হারুন অর-রশিদ এবং লেফটেন্যান্ট কর্নেল মো. খায়রুল ইসলাম।

মামলার আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের মধ্য দিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার প্রক্রিয়া এখন শুরু হয়েছে।

শেয়ার করুন