আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের কথিত পালিত পুত্র আসাদুজ্জামান, তার স্ত্রী ইসরাত জাহান এবং সহযোগী আক্তারুজ্জামানের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত।
সোমবার (২২ ডিসেম্বর) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের ওপর শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের অবকাশকালীন বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এ আদেশ দেন।
দুদকের জনসংযোগ কর্মকর্তা তানজীর আহমেদ বিষয়টি নিশ্চিত করেন। শুনানিতে দুদকের পক্ষে সংস্থাটির সহকারী পরিচালক নাছরুল্লাহ হোসাইন আসাদুজ্জামানসহ তিনজনের বিদেশ গমনে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।
দুদকের আবেদনে উল্লেখ করা হয়, আসাদুজ্জামান ও তার সহযোগীদের বিরুদ্ধে ওবায়দুল কাদেরের প্রভাব ব্যবহার করে চোরাচালান, হুন্ডি ব্যবসা, শুল্ক ফাঁকিসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জন এবং তা বিদেশে পাচারের অভিযোগের অনুসন্ধান চলছে। এতে বলা হয়, বিশ্বস্ত সূত্রের তথ্য অনুযায়ী তারা যেকোনো সময় দেশত্যাগ করতে পারেন, যা অনুসন্ধান কার্যক্রমকে ব্যাহত করতে পারে। এ কারণে সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের বিদেশ যাত্রা বন্ধ করা জরুরি।
উল্লেখ্য, ছাত্র-জনতার আন্দোলন চলাকালে সংঘটিত একটি হত্যাকাণ্ডের মামলায় চলতি বছরের জানুয়ারি মাসে আসাদুজ্জামানকে পুলিশ গ্রেফতার করে। বর্তমানে তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধান করছে দুদক।





