সোমবার, ২ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

হাদি হত্যার সহায়তাকারীদের ফের পাঁচদিনের রিমান্ড

ছবি: সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যার সন্দেহভাজন হামলাকারীদের সীমান্ত অতিক্রমে সহায়তা করার অভিযোগে সিবিয়ন দিও (৩২) ও সঞ্জয় চিসিম (২৩)-এর জন্য পাঁচদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার (২১ ডিসেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ এই আদেশ দেন। এটি ঢাকা মহানগর পুলিশের (ডিবি) আবেদনের পরিপ্রেক্ষিতে করা হয়। শুনানিতে রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ শামছুদ্দোহা সুমন।

ডিবি জানিয়েছে, হাদি হত্যায় সীমান্ত পারাপারের সঙ্গে জড়িত একটি সংঘবদ্ধ চক্রের তথ্য পাওয়া গেছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, হত্যাকাণ্ডের পর প্রধান সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগীদের সীমান্ত পার হতে সহায়তা করেছেন সিবিয়ন ও সঞ্জয়।

ডিবির আবেদনে বলা হয়েছে, “গত ১২ ডিসেম্বর পল্টন মডেল থানার বক্স কালভার্ট রোড এলাকায় বিজয়নগর পানির ট্যাংক অভিমুখী সড়কে চলন্ত অটোরিকশায় থাকা ওসমান হাদিকে খুব কাছ থেকে গুলি করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুর নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর রাতে তিনি মারা যান।”

পল্টন মডেল থানায় দায়ের করা মামলায় দণ্ডবিধির ১২০(বি), ৩২৬, ৩০৭, ১০৯ ও ৩৪ ধারার সঙ্গে ৩০২ ধারা সংযোজন করা হয়েছে। মামলাটি ডিবির মতিঝিল জোনাল টিম তদন্ত করছে।

পুলিশ জানায়, হত্যাকাণ্ডের পর ফয়সাল করিম মাসুদ ও সহযোগীরা ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত দিয়ে পার্শ্ববর্তী দেশে পালিয়ে যান। ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়া, প্রযুক্তিগত বিশ্লেষণ এবং গ্রেফতার আসামিদের জিজ্ঞাসাবাদে সীমান্ত পারাপারকারী চক্রের হোতা ‘ফিলিপ’-এর সংশ্লিষ্টতা শনাক্ত হয়েছে। হত্যাকাণ্ডে অর্থদাতা, পরিকল্পনাকারী ও সহায়তাকারীদের শনাক্ত করতে রিমান্ডে রাখা প্রয়োজন।

শুনানি শেষে আদালত মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে দুই আসামির পাঁচদিন করে রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে ১৮ ডিসেম্বর ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম গ্রেফতার দুজনের তিনদিন করে রিমান্ড মঞ্জুর করেন। একই সঙ্গে রিমান্ডে থাকা অবস্থায় আসামিদের পুলিশকে তদন্তে সহযোগিতা করার নির্দেশ দেওয়া হয়।

শেয়ার করুন