সোমবার, ২ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

জেআইসি ২৬ গুম মামলায় শেখ হাসিনা-সেনা কর্মকর্তাদের বিচার শুরুর নির্দেশ

ছবি : সংগৃহীত

আওয়ামী লীগের শাসনামলে জয়েন্ট ইন্টারোগেশন সেল (জেআইসি) নিয়ে গঠিত মামলায় ২৬ জনকে গুম ও নির্যাতনের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার প্রতিরক্ষাবিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক এবং সাবেক ও বর্তমান ১১ জন সেনা কর্মকর্তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বিচার শুরুর নির্দেশ দিয়েছে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১-এর বিচারিক প্যানেল আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করেন। এর আগে, ৭ ডিসেম্বর রাষ্ট্রপক্ষ অভিযোগ গঠনের শুনানি সম্পন্ন করে। এই মামলায় মোট ৫টি নির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে।

রাষ্ট্রপক্ষের বক্তব্যে বলা হয়, জেআইসি সেলে শত শত মানুষকে বন্দি করে নির্যাতন করা হয়েছিল। আবদুল্লাহিল আমান আযমী ও মাইকেল চাকমাসহ ২৬ জন নির্যাতনের পর মুক্তি পান। অভিযোগে উল্লেখ করা হয়েছে, শেখ হাসিনা সকল গুমের নির্দেশনা প্রদান করতেন এবং তারিক আহমেদ সিদ্দিক সেনা কর্মকর্তাদের মাধ্যমে এই নির্দেশ বাস্তবায়ন করতেন।

শুনানিতে আসামিদের আইনজীবীরা অভিযোগ থেকে অব্যাহতি চেয়ে ছিলেন। মামলায় শেখ হাসিনা ও তারিক আহমেদ সিদ্দিক ছাড়াও ডিজিএফআই-এর সাবেক ৫ জন মহাপরিচালক, ৫ জন পরিচালক এবং একজন সাবেক লেফটেন্যান্ট কর্নেল আসামি হিসেবে আছেন। এ পর্যন্ত এই মামলায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

শেয়ার করুন