শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

ওবায়দুল কাদেরসহ সাতজনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

চব্বিশের জুলাই-আগস্ট মাসে সংঘটিত হত্যাযজ্ঞের অভিযোগে সাতজনের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন। এদের মধ্যে রয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর রেজিস্ট্রারের কাছে অভিযোগপত্র দাখিল করা হয়। প্রসিকিউটর গাজী এমএইচ তামিম বিষয়টি নিশ্চিত করেছেন।

অভিযোগপ্রাপ্ত অন্যরা হলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনান।

প্রসিকিউশন জানিয়েছে, এই সাতজনের বিরুদ্ধে তদন্ত প্রক্রিয়া ইতিমধ্যেই শেষ হয়েছে। এই তথ্য আগেই, গত ৮ ডিসেম্বর, প্রকাশ করা হয়।

অভিযোগে উল্লেখ করা হয়েছে, জুলাই-আগস্টের আন্দোলন দমন ও হত্যাযজ্ঞের ঘটনায় এরা সরাসরি জড়িত। বিশেষ করে ওবায়দুল কাদেরের নির্দেশনা ও উসকানিতে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা শিক্ষার্থীদের উপর দমন ও নিপীড়ন চালিয়েছেন। অভিযোগপত্রে এ ধরনের একাধিক ঘটনার বিস্তারিত উল্লেখ করা হয়েছে।

শেয়ার করুন