আওয়ামী লীগ সরকারের সময়ে জয়েন্ট ইন্টারোগেশন সেল (জেআইসি)-এ ২৬ জনকে গুম ও নির্যাতনের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার প্রতিরক্ষাবিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিকসহ সাবেক ও বর্তমান মোট ১১ জন সেনা কর্মকর্তার বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে বিচার শুরুর নির্দেশ আসতে যাচ্ছে আজ।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১-এর বিচারিক প্যানেল এ বিষয়ে আদেশ দিতে পারেন।
এর আগে গত ৭ ডিসেম্বর মামলাটিতে অভিযোগ গঠনের শুনানি অনুষ্ঠিত হয়। রাষ্ট্রপক্ষ মামলায় মোট পাঁচটি সুনির্দিষ্ট অভিযোগ উপস্থাপন করে।
শুনানিতে রাষ্ট্রপক্ষের বক্তব্যে বলা হয়, জেআইসি সেলে শত শত মানুষকে অবৈধভাবে আটক রেখে নির্যাতন চালানো হয়েছে। আবদুল্লাহিল আমান আযমী ও মাইকেল চাকমাসহ ২৬ জন নির্যাতনের পর মুক্তি পান। রাষ্ট্রপক্ষের দাবি অনুযায়ী, এসব গুমের নির্দেশনা সরাসরি দিতেন শেখ হাসিনা এবং তা বাস্তবায়নের দায়িত্ব পালন করতেন সেনা কর্মকর্তাদের মাধ্যমে তারিক আহমেদ সিদ্দিক।
শুনানি শেষে শেখ হাসিনা ও অন্যান্য আসামিদের পক্ষে আইনজীবীরা অভিযোগ থেকে অব্যাহতির আবেদন করেন।
এই মামলায় শেখ হাসিনা ও তারিক আহমেদ সিদ্দিক ছাড়াও ডিজিএফআইয়ের সাবেক পাঁচ মহাপরিচালক, পাঁচ পরিচালক এবং একজন সাবেক লেফটেন্যান্ট কর্নেল আসামি হিসেবে অন্তর্ভুক্ত রয়েছেন। তবে এদের মধ্যে বর্তমানে তিনজন গ্রেপ্তার রয়েছেন।
অন্যদিকে, জুলাই আন্দোলনের সময় রাজধানীর চানখারপুল এলাকায় ছয়জন হত্যার ঘটনায় দায়ের করা মামলায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ আটজনের বিরুদ্ধে আজ দ্বিতীয় দিনের যুক্তিতর্ক উপস্থাপন করা হবে।





