বরেন্দ্র অঞ্চলে পরিত্যক্ত ও অরক্ষিত নলকূপে পড়ে দুই বছর বয়সী শিশু সাজিদের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ) ও সংশ্লিষ্ট প্রশাসনের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।
নোটিশে শিশুর পরিবারকে ৫ কোটি টাকা ক্ষতিপূরণ প্রদান এবং অরক্ষিত নলকূপ বন্ধে জরুরি ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে।
রোববার (১৪ ডিসেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মো. মনিরুল ইসলাম মিয়া এই নোটিশ প্রেরণ করেন।
লিগ্যাল নোটিশে উল্লেখ করা হয়েছে, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁ জেলায় অসংখ্য পরিত্যক্ত ও অরক্ষিত নলকূপ জনসাধারণের জন্য মারাত্মক ঝুঁকি সৃষ্টি করছে।
সম্প্রতি রাজশাহীর তানোর উপজেলার কোয়েলহাট পূর্বপাড়া গ্রামে একটি পরিত্যক্ত নলকূপে পড়ে শিশু সাজিদের মৃত্যু ঘটে, যা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্বে অবহেলা এবং প্রশাসনিক উদাসীনতার প্রকাশ্য প্রমাণ।
নোটিশে সংবিধানের ৩১ ও ৩২ অনুচ্ছেদ উদ্ধৃত করে জীবন ও ব্যক্তিস্বাধীনতার অধিকার লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে এবং ১৫ দিনের মধ্যে নির্দেশনা বাস্তবায়নের দাবি জানানো হয়েছে।
নির্দিষ্ট নির্দেশনার মধ্যে রয়েছে, সব পরিত্যক্ত নলকূপ চিহ্নিত করা ও জরিপ করা, রাষ্ট্রীয় ব্যয়ে সিল/ভরাট বা স্থায়ীভাবে বন্ধকরণ, অবৈধ নলকূপ খননে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া, নিরাপদ নলকূপ ব্যবস্থাপনার মানসম্মত কার্যপ্রণালী প্রণয়ন, অননুমোদিত নলকূপ স্থাপন রোধে কঠোর নজরদারি এবং দায়িত্বে অবহেলাকারী কর্মকর্তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ।
জানানো হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে বিষয়টি জনস্বার্থ মামলা হিসেবে হাইকোর্ট ডিভিশনে দায়ের করা হবে।
এ ঘটনায় জাতীয় দৈনিকে ও অনলাইন সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছে, যেখানে বরেন্দ্র অঞ্চলের অরক্ষিত নলকূপকে ‘মৃত্যুকূপ’ হিসেবে আখ্যা দিয়ে শিশুদের জীবনঝুঁকির বিষয়টি তুলে ধরা হয়েছে।





