রবিবার, ১ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

আইজিপি বাহারুল আলমকে বরখাস্ত ও গ্রেফতার চেয়ে হাইকোর্টে রিট

বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদনে বর্তমান পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমের নাম আসায় তাকে বরখাস্ত ও আইনের আওতায় আনার দাবিতে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।

বুধবার (১০ ডিসেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী জুলফিকার আলী জুনু হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি করেন।

আগামী সপ্তাহে রিটের বিষয়ে শুনানি অনুষ্ঠিত হতে পারে।

রিটে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব এবং আইজিপি বাহারুল আলমকে বিবাদী করা হয়েছে।

রিটকারী জানান, সম্প্রতি জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদনে আইজিপি বাহারুল আলমের নাম অন্তর্ভুক্ত হয়েছে। বিডিআর হত্যাকাণ্ডের সময় তিনি তৎকালীন এসবির দায়িত্বে ছিলেন। যেহেতু বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর, তাই তাঁকে দায়িত্বে রাখলে তদন্তের কার্যক্রম ব্যাহত হতে পারে। এই কারণে রিটে তার বরখাস্ত এবং গ্রেফতারের দাবি জানানো হয়েছে।

এর আগে ৪ ডিসেম্বরও জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদনে আইজিপি বাহারুল আলমসহ দায়ীদের নাম আসায় সরকারকে আইনি নোটিশ পাঠানো হয়েছিল। ওই নোটিশ সুপ্রিম কোর্টের তিনজন আইনজীবী—অ্যাডভোকেট মো. আব্দুস সামাদ, অ্যাডভোকেট শাহিন হোসেন এবং অ্যাডভোকেট মো. আতিকুর রহমান—প্রধান উপদেষ্টার মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, জনপ্রশাসন সচিব ও আইন সচিবকে পাঠান।

উল্লেখ্য, জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদনে দায়িত্ব পালনে ব্যর্থতার কারণে বর্তমান আইজিপি বাহারুল আলমসহ পাঁচ পুলিশ কর্মকর্তার নাম এসেছে। প্রতিবেদনের পর থেকেই প্রশাসনের ভেতরে বিষয়টি নিয়ে নানা আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে।

শেয়ার করুন