সোমবার, ২ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

হাসানুল হক ইনুর বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণের তৃতীয় দিন আজ

জুলাই-আগস্ট আন্দোলন সংক্রান্ত কুষ্টিয়ার ছয় হত্যাসহ আটটি অভিযোগের মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে তৃতীয় দিনের সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হবে।

রোববার (৭ ডিসেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চে এই সাক্ষ্যগ্রহণ পেশ হবে। প্রসিকিউশন সূত্রে জানা গেছে, এদিন দুজন সাক্ষীর জবানবন্দি নেওয়া হতে পারে।

গত ২ ডিসেম্বর দ্বিতীয় দিনের জেরা শেষ হয়। ওই দিন দুই নম্বর সাক্ষী বিশেষ তদন্ত কর্মকর্তা ও প্রসিকিউটর তানভীর হাসান জোহাকে জেরা করেন ইনুর আইনজীবী মনসুরুল হক চৌধুরী। এর আগে ১ ডিসেম্বর সাক্ষী দেন তিনি। প্রথম সাক্ষী হিসেবে মো. রাইসুল হক জবানবন্দি দিয়েছেন। তিনি উল্লেখ করেন, ছাত্র-জনতার ওপর হামলার প্রত্যক্ষ নির্দেশদাতা ও উসকানিদাতা ছিলেন হাসানুল হক ইনু। তিনি নিজেও গুলিবিদ্ধ হয়ে বেঁচে ফিরেছেন।

৩০ নভেম্বর মামলার সূচনা বক্তব্য দেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। একই দিন ইনুর রিভিউ আবেদনের শুনানি হয়, যা আদালত খারিজ করে দেয়। ২ নভেম্বর আদালত তাকে আনা আটটি অভিযোগের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন। অভিযোগ পঠনের সময় ইনু নিজেকে নির্দোষ দাবি করেন।

এই মামলায় ইনু ২৫ সেপ্টেম্বর ট্রাইব্যুনালে হাজির হন। ২৯ সেপ্টেম্বর আদালতের নির্দেশে হাজিরা দেন। ২৬ আগস্ট ২০২৪ সালে রাজধানীর উত্তরা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তিনি বিভিন্ন মামলায় কারাগারে রয়েছেন।

জুলাই-আগস্ট আন্দোলনে কুষ্টিয়া শহরে নিহত হয়েছেন শ্রমিক আশরাফুল ইসলাম, সুরুজ আলী বাবু, শিক্ষার্থী আবদুল্লাহ আল মুস্তাকিন, উসামা, ব্যবসায়ী বাবলু ফরাজী ও চাকরিজীবী ইউসুফ শেখ। আহত হয়েছেন বহু নিরীহ মানুষ। এই ঘটনায় ইনুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের হয়। প্রসিকিউশন ২০ জন সাক্ষীর জবানবন্দি, তিনটি অডিও এবং ছয়টি ভিডিও প্রমাণ হিসেবে উপস্থাপন করেছে।

শেয়ার করুন