ছবি সংগৃহীত
গুম-খুনসহ মানবতাবিরোধী অপরাধের এক মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার মুখোমুখি ১০ সেনা কর্মকর্তাকে বুধবার কড়া নিরাপত্তার মধ্য দিয়ে হাজির করা হয়েছে। সকাল সোয়া ১০টার পর ঢাকা ক্যান্টনমেন্টের বিশেষ কারাগার থেকে প্রিজনভ্যানে করে তাদের ট্রাইব্যুনালে নেওয়া হয়।
বুধবার (৩ ডিসেম্বর) ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ বিষয়ে শুনানি ও আদেশ দেবেন। প্যানেলের অন্য সদস্যরা হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহিতুল হক এনাম চৌধুরী।
টাস্কফোর্স ফর ইন্টারোগেশন সেলে (টিএফআই সেল) গুমের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় ১৭ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) গঠনের শুনানি আজ হতে পারে। এই মামলার শুনানির জন্য গত ২৩ নভেম্বর আজকের দিন ধার্য করেন আদালত।
কারাগারে থাকা ১০ সেনা কর্মকর্তা হলেন— কর্নেল এ কে এম আজাদ, কর্নেল আবদুল্লাহ আল মোমেন, লেফটেন্যান্ট কর্নেল মো. মশিউর রহমান, ব্রিগেডিয়ার জেনারেল মো. কামরুল হাসান, ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহাবুব আলম, ব্রিগেডিয়ার জেনারেল তোফায়েল মোস্তফা সারোয়ার, লে. কর্নেল আনোয়ার লতিফ খান, ব্রিগেডিয়ার জেনারেল মো. জাহাঙ্গীর আলম, লেফটেন্যান্ট কর্নেল মো. সারওয়ার বিন কাশেম ও লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম সুমন।
গুম-খুনের মামলায় গত ২২ অক্টোবর অন্য মামলার আরও তিন সেনা কর্মকর্তার সঙ্গে এই ১০ জনকে কারাগারে পাঠানোর আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এরপর তাদের ঢাকা ক্যান্টনমেন্টের সরকার ঘোষিত বিশেষ কারাগারে রাখা হয়।
গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে গুমের ঘটনায় গত ৮ অক্টোবর ট্রাইব্যুনালে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৮ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল হয়। শুনানি শেষে ট্রাইব্যুনাল অভিযোগ আমলে নিয়ে গ্রেফতারি পরোয়ানা জারি করে।
টিএফআই সেলে গুমের একটি অভিযোগে শেখ হাসিনা ও তারেক সিদ্দিকীসহ ১৭ জনের বিরুদ্ধে পাঁচটি অভিযোগ আনা হয়েছে।





