বাংলার চোখ নিউজ :
ক্ষমতার উচ্চাসনে অনেকেই অধিষ্ঠিত হন, কিন্তু জ্ঞান, প্রজ্ঞা ও নৈতিক নেতৃত্বের মাধ্যমে বিশ্বমানুষের আস্থা অর্জন করতে পারেন খুব কম মানুষ। ইতিহাসের পাতায় তারাই স্বতন্ত্র হয়ে থাকেন, যাদের প্রভাব পদমর্যাদার সীমানা ছাড়িয়ে পৌঁছে যায় মানুষের চিন্তা ও বিবেকের গভীরে।
১৯৪৬ সালের ৬ জানুয়ারি মিশরের ঐতিহাসিক লুক্সর অঞ্চলের আল-কুরনা গ্রামে জন্মগ্রহণ করেন ড. আহমেদ আত-তাইয়েব। ধর্মীয় ঐতিহ্য ও আধ্যাত্মিক সাধনায় সমৃদ্ধ পারিবারিক পরিবেশে তার বেড়ে ওঠা। শৈশব থেকেই পবিত্র কুরআন ও ইসলামি জ্ঞানচর্চার প্রতি গভীর অনুরাগ তাকে নিয়ে যায় বিশ্বের অন্যতম প্রাচীন বিদ্যাপীঠ আল-আজহার বিশ্ববিদ্যালয়ে। ১৯৬৯ সালে উসুলুদ্দিন অনুষদ থেকে স্নাতক সম্পন্ন করার পর ১৯৭১ সালে স্নাতকোত্তর এবং ১৯৭৭ সালে ইসলামি দর্শনে পিএইচডি অর্জন করেন।
তাঁর জ্ঞানসাধনার বিশেষত্ব হলো, ইসলামি ঐতিহ্যের গভীরে অবস্থান করেও আধুনিক বিশ্বের দর্শন, চিন্তাধারা ও বাস্তবতাকে গভীরভাবে অনুধাবন করা। দীর্ঘ শিক্ষকতা, গবেষণা এবং আরবি ও ফরাসি ভাষায় দক্ষতা তাঁর চিন্তাজগৎকে দিয়েছে আন্তর্জাতিক পরিসর। তিনি ধর্মীয় ঐতিহ্যকে অতীতের স্মারক হিসেবে নয়, বরং বর্তমান বিশ্বের সংকট মোকাবিলার এক জীবন্ত প্রজ্ঞা হিসেবে বিবেচনা করেন।
ড. আত-তাইয়েবের নেতৃত্বের অন্যতম বৈশিষ্ট্য হলো ধর্মীয় উগ্রবাদ, সন্ত্রাসবাদ ও বিদ্বেষের বিরুদ্ধে তার দৃঢ় অবস্থান। তিনি বারবার তুলে ধরেছেন, ইসলামের প্রকৃত শিক্ষা হলো ন্যায়বিচার, দয়া, মানবিক মর্যাদা ও শান্তিপূর্ণ সহাবস্থান। তার দৃষ্টিতে অজ্ঞতা ও বিকৃত ধর্মীয় ব্যাখ্যার বিরুদ্ধে সবচেয়ে কার্যকর প্রতিরোধ হচ্ছে জ্ঞান, শিক্ষা ও প্রজ্ঞার বিকাশ। আন্তধর্মীয় সম্প্রীতি প্রতিষ্ঠায় তার ভূমিকা আন্তর্জাতিক পরিসরেও বিশেষভাবে প্রশংসিত। ২০১৯ সালে আবুধাবিতে ক্যাথলিক চার্চের তৎকালীন প্রধান পোপ ফ্রান্সিসের সঙ্গে তার স্বাক্ষরিত ‘ডকুমেন্ট অন হিউম্যান ফ্র্যাটারনিটি’ বিশ্বশান্তি ও মানবিক সহাবস্থানের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।
ধর্মীয় বিশ্বাসের ভিন্নতা সত্ত্বেও পারস্পরিক শ্রদ্ধা, মানুষের মর্যাদা ও শান্তিপূর্ণ সহাবস্থানের যে বার্তা এতে তুলে ধরা হয়েছে, তা বিশ্ববাসীর কাছে এক অনন্য দৃষ্টান্ত। মুসলিম কাউন্সিল অব এল্ডার্সের সভাপতির দায়িত্ব পালন করেও তিনি বিশ্বব্যাপী সংলাপ, সম্প্রীতি ও মধ্যপন্থার প্রসারে কাজ করে যাচ্ছেন। তার এই প্রভাব ও গ্রহণযোগ্যতার আন্তর্জাতিক স্বীকৃতি আরও স্পষ্ট হয়েছে ২০২৬ সালের ‘The Muslim 500: The World’s 500 Most Influential Muslims’ প্রকাশনায়। বিশ্বের ৫০০ প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্বের তালিকায় তিনি ষষ্ঠ স্থান অর্জন করেছেন। অর্থাৎ বিশ্বের প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্বদের মধ্যে তাঁর অবস্থান শীর্ষ দশে। এই স্বীকৃতি কেবল তাঁর ব্যক্তিগত মর্যাদার প্রতিফলন নয়, বরং জ্ঞান, নৈতিকতা ও মানবিক মূল্যবোধনির্ভর ধর্মীয় নেতৃত্বের বৈশ্বিক গুরুত্বেরও পরিচায়ক।
আশি বছরে পদার্পণ করা ড. আহমেদ আত-তাইয়েব আজ কেবল আল-আজহারের সর্বোচ্চ ধর্মীয় নেতা নন; তিনি সমকালীন মুসলিম বিশ্বের এক গুরুত্বপূর্ণ বুদ্ধিবৃত্তিক ও নৈতিক কণ্ঠস্বর। বিভক্ত পৃথিবীতে তিনি সংলাপের কথা বলেন, সংঘাতের বিপরীতে সহাবস্থানের আহ্বান জানান এবং ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে মানুষের মর্যাদাকে গুরুত্ব দেন। ইতিহাসে অনেকেই ক্ষমতার অধিকারী হন, কিন্তু সবাই সময়ের বিবেক হয়ে উঠতে পারেন না। ড. আহমেদ আত-তাইয়েব তাদেরই একজন, যার নেতৃত্বের প্রকৃত শক্তি জ্ঞান, সংযম, নৈতিক দৃঢ়তা ও মানবতার প্রতি দায়বদ্ধতায়। বিশ্বের প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্বের তালিকায় তার ষষ্ঠ অবস্থান সেই দীর্ঘ সাধনা ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতারই একটি তাৎপর্যপূর্ণ স্বীকৃতি।
তার জীবন আমাদের মনে করিয়ে দেয়, প্রকৃত নেতৃত্বের উচ্চতা নির্ধারিত হয় না ক্ষমতার আসনে; বরং মানুষের কল্যাণে কতটা আলো ছড়ানো যায়, তার মধ্য দিয়েই।
লেখক: কলামিস্ট ও শিক্ষার্থী, আল-আজহার বিশ্ববিদ্যালয়, কায়রো, মিশর





